ছবি:সংগৃহীত
সিলেট নগরের মিরের ময়দানে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে রক্ত পরীক্ষা করানো এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। একই সঙ্গে অনিয়ম সংশোধনের জন্য সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্য এবং সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক মিলাদুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবন্য ইসলাম ঋতু জানান, একজন রোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে ডায়াগনস্টিক সেন্টারটির বিরুদ্ধে অভিযোগ করেন। পরে বিষয়টি সিভিল সার্জনকে অবহিত করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, রোগীর অভিযোগের সবকিছুর সত্যতা পাওয়া যায়নি। তবে অভিযানে একজন টেকনোলজিস্টকে দিয়ে রক্ত পরীক্ষা করানোর বিষয়টি প্রমাণিত হয়। ওই টেকনোলজিস্টের কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। এ ছাড়া প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদও উত্তীর্ণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি চিহ্নিত অনিয়মগুলো সংশোধনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




