ছবি: নিজস্ব
সিলেটের জকিগঞ্জে একটি বিকাশ আউটলেট থেকে টাকা উত্তোলন করে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের এক নেতাকে আটক করে স্থানীয়রা৷ গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের মাছুম বাজারে এ ঘটনাটি ঘটে।
এ সংক্রান্ত একটি ভিডিও গত ৪-৫ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে সর্বত্র ছড়িয়েছে। ইতোমধ্যে ভিডিওটি নিয়ে অনেকেই ফেসবুকে নেতিবাচক ও তীর্যক সমালোচনামূলক মন্তব্য করছেন।
আটক ছাত্রলীগ নেতা মাজেদ আহমদ (৩০)। বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকায় তার বাড়ি। সে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের অগ্র সারির একজন নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের মাছুম বাজারে বিকাশ থেকে টাকা উত্তোলন করে বিভিন্ন অজুহাত দেখিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদ করেন এবং এক পর্যায়ে তার কোমড়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। অভিযুক্ত ওই যুবককে আটকের পর বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। সেই সূত্রে তার পরিচয় শনাক্ত করে অনেকেই বলছেন, সে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা, তার নাম মাজেদ আহমদ। এ প্রতিবেদকের হাতে অভিযুক্ত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগের একাধিক ভিডিও প্রমাণ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘটনার সময় উপস্থিত থাকা বিরশ্রী ইউনিয়ন পরিষদ সদস্য কবির আহমদ বলেন, আমাদের স্থানীয় মাছুম বাজারের একটি দোকান থেকে বিকাশের টাকা তুলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। পালানোর এক পর্যায় সে পুকুরে ঝাপ দিলে সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে আটক করে রাখা হয়। চুরির ঘটনাটি সত্য আমাদের স্থানীয় বাজারের শত শত মানুষ এ ঘটনার চাক্ষুষ সাক্ষী। তিনি বলেন, পরে বিয়ানীবাজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরর হস্তক্ষেপে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়া হয়।
বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাত্তার মিয়া মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার সহোদর আতাউর মিয়া মুঠোফোনে প্রতিবেদককে জানিয়েছেন, চুরির ঘটনাটি সত্য। তবে পরে স্থানীয়দের হস্তক্ষেপে সমাধান হয়েছে।
জৈন্তাবার্তা / জারা




