গোলাপগঞ্জে গত ১৬ বছর দাঁড়াতেই পারেনি বিএনপি-জামায়াত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

গোলাপগঞ্জে গত ১৬ বছর দাঁড়াতেই পারেনি বিএনপি-জামায়াত

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৪ ০২:০০:৪৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে গত ১৬ বছর দাঁড়াতেই পারেনি বিএনপি-জামায়াত


সারাদেশের মতো একের পর এক গায়েবী ও মিথ্যা মামলায় কোথাও দাঁড়াতে পারেনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তুচ্ছ কারণেও দেওয়া হয়েছে মামলা। এসব মামলার ভয়ে বাড়ি ছেড়ে থাকতে হয়েছে তাদেরকে।

গত ১৬ বছরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত গায়েবী মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা আর আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এখানে সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে জামায়াত-শিবির। এখনও তাদের বিরুদ্ধে অনেক মামলা চলমান। এসব মামলা কবে প্রত্যাহার হবে, তা জানাতে পারেননি উভয়দলের নেতাকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিক কারণে দায়ের করা সবগুলো মামলা মিথ্যা।

ভুক্তভোগী অনেকের সাথে আলাপ করে জানা যায়, কোনো ঘটনা না ঘটেলেও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করতো। অনেকের বাসাবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হতো। আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে কত রাত তাদের বাড়ির বাইরে কাটাতে হয়েছে তা হিসাব করে বলা কঠিন।

গায়েবী মামলার কারণে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নসিরুল হক শাহিন এবং গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহানও কানাডায় আশ্রয় নেন। তার বিরুদ্ধে রয়েছে কয়েকটি মামলা। গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সামাদুর রহমান অপু ফ্রান্সে আশ্রয় নেন।

এছাড়া গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিএনপি-জামায়াতপন্থী ইউপি মেম্বার ও পৌর কাউন্সিলরের বিরুদ্ধে রয়েছে মামলা। গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গোলাপগঞ্জ ২নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসফাক আহমদ চৌধুরীর ওপর রয়েছে কয়েকটি মামলা। তিনি চেয়ারম্যান থাকাকালীন ষড়যন্ত্র করে কয়েকদিনের জন্য চেয়ারম্যান পদ বাতিল করা হলেও আইনি মোকাবেলা করে পুনরায় চেয়ারম্যান পদ ফিরে পান। গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিনের ওপর সর্বোচ্চ ১৯টি মামলা ছিল বলে তিনি জানান। বর্তমানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৭টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

এছাড়া গোলাপগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, জামায়াত, ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রায় সকল নেতার ওপর রয়েছে ডজনখানেক মামলা। এমনকি গোলাপগঞ্জ উপজেলা বিএনপি গত ১৬ বছরেও তাদের একটি দলীয় কার্যালয় করতে পারেনি। জামায়াতও একইভাবে কোনো কার্যালয় করতে পারেনি গোলাপগঞ্জে।

ভুক্তভোগী নেতাকর্মীরা জানান, আওয়ামীলীগ সরকারের সময় বিএনপি-জামায়াতের নেতৃস্থানীয় প্রায় সবাই কারাবরণ করেছেন। অনেককে রিমান্ডে নেয় পুলিশ। কারাবরণ করা মামলাগুলো পুরোটাই মিথ্যা। পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছে।

এ ধরনের মামলার বৈধতা সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মানুষকে হয়রানি করার জন্যই মিথ্যা মামলা করা হয়। আইনে এর কোনো প্রতিকারমূলক ব্যবস্থাও নেই।

সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন, কোনো ঘটনায় উপস্থিত না থেকেও যে মামলা দেওয়া হয় সেটা গায়েবি মামলা। কিন্তু কোনো ঘটনাই যদি না ঘটে এমন মামলার নাম হতে পারে ভুতুড়ে মামলা।

জানা যায়, গত ১৬ বছর গোলাপগঞ্জ থানায় মামলার অবস্থা ছিল তথৈবচ। কোনো ঘটনা না ঘটলেও মামলায় ককটেল বিস্ফোরণ, ইট ও পাথর নিক্ষেপের কথা বলা হতো। গায়েবি মামলার অধিকাংশই যে রাজনৈতিক মামলা তা বলার অপেক্ষা রাখে না।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ বলেন, গত সরকারের আমলে বিএনপি তথা বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য আমরা আদালতে তালিকা জমা দিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির জিন্নুর চৌধুরী জানান, আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা। এসব মামলা আদালতে টিকবে না। আর গায়েবী মামলাগুলো প্রত্যাহারে দলীয় নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার