ছবি সংগৃহীত
সড়কে সিএনজিচালিত অটোরিকশা পার্কিং ও অতিরিক্ত ভাড়া আদায় করাকে কেন্দ্র করে সিলেট নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শুরু হয়ে এ সংঘর্ষ দফায় দফায় প্রায় দেড় ঘণ্টা চলে।
সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, সড়কে সিএনজিচালিত অটোরিকশা পার্কিংকে কেন্দ্র করে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের ১৫-২০ জন আহত হয়েছেন এবং ২৫-৩০টি গাড়ি ও ৫টি দোকান ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন। এসময় ওই অটোচালক ও ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হন এবং ব্যবসায়ীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পর দুইপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং একপর্যায়ে অটোচালকরা পিছু হটেন। এর কিছুক্ষণ পর ফের তাদের ধাওয়া করে বন্দরবাজার ছাড়া করেন ব্যবসায়ীরা। এসময় অজস্র ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। এই হাতাহাতি, ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করেন অটোচালকরা। অপরদিকে ব্যবসায়ীরা প্রাইভেটকার ও অটোরিকশাসহ ২৫-৩০টি গাড়ি ভাঙচুর করেন। এসময় উভয়পক্ষের ১৫-২০ জন আহত হন।
ব্যবসায়ীরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে সিটি মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো না করতে নিষেধ করছেন। সিটি করপোরেশন কর্তৃপক্ষও দিয়েছে এমন নির্দেশনা। কিন্তু কোনো নির্দেশনা না মেনে অটোচালকরা সকাল থেকে রাত পর্যন্ত সিটি মার্কেট, সিটি করপোরেশন, কুদরত উল্লাহ মসজিদ মার্কেট ও পোস্ট অফিসের সামনে সড়ক দখল করে পার্কিং করে রাখেন, করেন যাত্রী উঠা-নামা। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অটোচালকরা মারমুখী আচরণ করে এবং সিটি মার্কেটের ৫টি দোকান ভাঙচুর করে।
আর অটোরিকশাচালকরা বলছেন, তারা বিষয়টি নিয়ে সমঝোতা বৈঠক চাচ্ছিলেন। এরই মাঝে ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করেছেন। এর সঠিক জবাব না দেওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর হয়েছে। বিষয়টি সমাধানে দুইপক্ষকে নিয়ে আলোচনা চলছে।
জৈন্তা বার্তা / আরআর




