সিলেটের গোয়াইনঘাট উপজেলার গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে দুই শিক্ষক অনুপস্থিত থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজন শিক্ষককে নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম স্বাক্ষরিত ওই শোকজ নোটিশের জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে দিতে বলা হয়েছে।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুপস্থিত শিক্ষকদের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের প্রেক্ষিতে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কর্তৃক এই শোকজ প্রদান করা হয়। ওইদিন মাত্র দুইজন সহকারি শিক্ষিকা আলেয়া বেগম ও রেহানা বেগম পাঠদান করেছেন।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন- ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন কান্তি ও সহকারী শিক্ষক ফুলবানু বেগম।
অভিযোগ আছে, বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত আসেন না। মাঝে-মধ্যে এলেও দেরিতে আসেন। সঠিক সময়ে শিক্ষকরা না থাকলে শিক্ষার্থীরা দুষ্টুমি আর মারামারি করে থাকে। এ অবস্থায় এলাকার বাইরে শিশুদের পড়ালেখা করানোর চিন্তা করছেন অনেকে। তবে হতদরিদ্র পরিবারের পক্ষে তাদের সন্তানকে অন্য জায়গায় পড়ালেখা করানোর ক্ষমতা না থাকায় বাধ্য হয়ে এই স্কুলে পড়াতে হচ্ছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) আশরাফুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের দুই শিক্ষককে এরই মধ্যে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তা বার্তা / আরআর




