পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা।
খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক রাঙামাটিতেও। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জারি করেছেন ১৪৪ ধারা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ী একটি মিছিল নিয়ে বনরূপায় গেলে সেখানে ইটপাটকেল নেক্ষেপের অভিযোগ করে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও বনরূপায় কয়েকটি ধর্মীয় স্থাপনায় ভাংচুর করা হয়। সেই সাথে রাস্তায় বেশ কিছু যানবাহন ভাংচুর করা হয়। এ ঘটনার পর লাঠিসোঠা নিয়ে মাঠে নামে স্থানীয় বাঙালিরাও।
রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামালউদ্দিন জানান, সকালে পাহাড়ীদের একটি মিছিল বনরূপায় এসে ফিরে যাওয়ার সময় বিনা উস্কানিতেই বনরূপায় দেদারসে বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান, বনরূপা মসজিদে হামলা ও ভাংচুর করে, বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপরই বাঙালি ব্যবসায়িরা সংঘবদ্ধ হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয়। এসময় ধাওয়া সংঘর্ষ হয়।'
রাঙ্গামাটি সদর জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার বলেন, এখন পর্যন্ত অন্তত ৫০ জন আহত হয়েছে। এছাড়া একজন মারা গেছেন। তবে তার পরিচয় এখনো জানা যাযনি।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় লারমা স্কয়ারে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা বাজারে আগুন দিলে অর্ধ শতাধিক দোকানপাট পুড়ে যায়।
একই ঘটনার জেরে গতকাল রাতে জেলা সদরের স্বনির্ভর ও নারানখাইয়া এলাকায় গুলিতে ৩ জন নিহত ও আরও ৯ জন আহত হন। নিহতরা হলেন - জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)।
প্রসঙ্গত, বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মো. মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার ঘটনা কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটছে।
জৈন্তাবার্তা / এনআর




