প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন গ্রাসরুট সাধারণ সম্পাদক নাফিসা শবনম।
নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতা দূর করতে পাঁচ দফা দাবি জানিয়েছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
দাবির মধ্যে রয়েছে- সবধরনের সিন্ডিকেট কঠোরভাবে দমন করা। নামমাত্র খরচে সহজ শর্তে ট্রেড লাইসেন্স প্রদান। হোমবেসড ওয়ার্কার্সদের অধিকারসমূহ নিশ্চিত করার লক্ষ্যে আইএলও সনদ বাস্তবায়ন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে সহনশীল ভূমিকা পালনের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গিগোষ্ঠীকে কঠোরভাবে দমন। ইউনিয়ন থেকে বিভাগ পর্যন্ত নারী উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং উৎপাদিত পণ্যের বাজার সুবিধা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানসহ সবধরনের ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নাফিসা শবনম বলেন, ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সংগঠনটি এখন দেশের ৬৮ জেলায় বিস্তৃতি লাভ করেছে। সারাদেশে এখন ১৮ হাজারের বেশি সদস্য তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন।
এতে আরও বলা হয়, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অন্যতম সংগঠন হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় সংগঠনটি এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন হিসেবে গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার সমগোত্রীয় সংগঠনগুলো একত্রিত হয়ে গড়ে উঠেছে সাউথ এশিয়ান এশিয়ান গ্রাসরুটস ফোরাম (এসএজিডিএফ)। যার নেতৃত্বে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস।
‘বিগত ২৫ বছর নানা বাধা বিপত্তি অতিক্রম করে সংগঠনটি ২৬তম বছরে পদার্পণ করেছে। কোনোধরনের বৈদেশিক পুঁজি না নিয়ে জনগণের সহযোগিতায় আমরা আজকের অবস্থানে পৌছতে পেরেছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক রায়হানা খানম রেশমা, মহানগর শাখার সহসভাপতি রুমা চৌধুরী, গ্রাসরুটস’র প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, সিলেট মহানগর শাখার সদস্য সালমা বেগম সুমী প্রমুখ।
SH




