ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদেশি মদ হাতে ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান ভুঁইয়া (৪৬), কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী মো. সানোয়ার হোসেন রুবেল (৪৬) ও তাদের বহনকারী প্রাইভেটকারের চালক মো. সাইম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কোদালিয়া চৌরাস্তা বাজার এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে মাদকবিরোধী অভিযান চালায় পাকুন্দিয়া থানা পুলিশ। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক হাতে ঢাকির ইউপি চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ জর্জ কোর্টের একজন আইনজীবীসহ তিনজনকে আটক করা হয়েছে।
পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এছাড়াও তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ ও মিঠামইন থানায় বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি সাখাওয়াৎ।
জৈন্তাবার্তা / রহমান




