সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ধর্মঘটে থাকবে না ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৬ ১২:৫৬:৩৭ পূর্বাহ্ন

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

ছবি:সংগৃহীত


সিলেটে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতারা। সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। তবে এ ধর্মঘটের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।

ধর্মঘটে বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাসসহ বিভিন্ন শ্রেণির যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন জানান, সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে। কর্মসূচি সফল করতে সিলেটের সব সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ ইমরান হোসেন ঝুনু। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।

সভায় সমন্বয় পরিষদের তিন দফা দাবির পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানানো হয়।

অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে-সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন প্রদান, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ, পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা।

এ ছাড়া ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ, ট্রাফিক বিভাগে দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএর সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তাঁরা।

এদিকে শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে নিজস্ব কার্যালয়ে সভা করে সোমবারের ধর্মঘটের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।

সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় নেতারা বলেন, সোমবারের ধর্মঘট আদালত অবমাননার শামিল। এ কর্মসূচির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও তাঁরা মন্তব্য করেন।

সভায় শ্রমিক ইউনিয়নের চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. আক্তার রশিদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি আবদুল মুকিত, সহসভাপতি রাখাল দে, মো. ফয়জুল ইসলাম, জুবায়ের আহমদ চৌধুরী (সুমন), যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সহসাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব ও মো. সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার মামুন, অর্থ সম্পাদক হাজী শায়েস্তা মিয়া, প্রচার সম্পাদক মো. আল আমীন, দপ্তর সম্পাদক মাহতাবুর রহমান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আরিফ আহমদ চৌধুরী এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. আজির উদ্দিন।

এ ছাড়া শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহসাধারণ সম্পাদক মো. আব্দুর রকিব ও মো. মতিন এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ধর্মঘট আহ্বানকারী শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবি আদায় এবং পরিবহন খাতের বিদ্যমান সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা