বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০৬:৪০:০৫ অপরাহ্ন

বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ‘প্রচেষ্টা’-এর আয়োজনে এবং ‘ডিনেট’-এর সহযোগিতায় নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক, কৃষক, জেলে, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সামাজিক উন্নয়ন সংগঠন (সিএসও) ও এলাকাভিত্তিক সংগঠনের (সিবিও) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব আলম মাহবুব। এসময় তিনি বলেন, “বড়লেখার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও হাওরের মানুষের জীবনমান নিশ্চিতে এবং রাস্তাঘাট, বিদ্যুৎ ও মৌলিক অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে।” তিনি তরুণ-যুবসমাজকে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং স্থানীয় জনগণের উন্নয়নে নাগরিক সমন্বয় প্রকল্পের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সবাইকে বৃক্ষরোপণসহ পরিবেশবান্ধব কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান। 

এসময় প্রচেষ্টা-এর নির্বাহী পরিচালক আলী নকী খান বলেন, “সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের সমস্যা, চাহিদা ও দাবিগুলো তুলে ধরেছেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে চা-বাগানের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা ও পড়াশোনার প্রতি আরও গুরুত্ব দিতে হবে।

নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বলেন, “প্রকল্পের মূল লক্ষ্য হলো স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে নারী, তরুণ-যুবা, চা-শ্রমিক ও অন্যান্য প্রান্তিক মানুষের কণ্ঠস্বরকে স্থানীয় উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা। এই টাউন হল সভা স্থানীয় জনগণের চাহিদা ও উন্নয়ন অগ্রাধিকার সরাসরি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর শামিম আহমেদ ও মুক্তা রাণীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হাওলাদার আজিজুল, থানার (তদন্ত) অফিসার ওবায়দুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. জামালুদ্দীন, বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, কৃষি উপসহকারী আহমদ ছাকিব চৌধুরী। 

সভায় বড়লেখার উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন নাগরিক সমন্বয় প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর শামিম আহমেদ জলবায়ু ঝুঁকি ও দুর্যোগ প্রস্তুতি, অবকাঠামো, বাঁধ ও খাল সংস্কার, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, নারীর নিরাপত্তা এবং স্থানীয় উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো গুরুত্ব তুলে ধরেন।। পরবর্তী উন্মুক্ত নাগরিক সংলাপে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন এবং সম্ভাব্য সমাধান ও সরকারি সেবাপ্রাপ্তির সুযোগ নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ডিনেটের মাধ্যমে বাস্তবায়িত নাগরিক সমন্বয় প্রকল্পটি মৌলভীবাজারের কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা উপজেলায় কাজ করছে। সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় বাস্তবায়িত প্রকল্পটি সুইজারল্যান্ডের সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং ফান্ডটি ব্যবস্থাপনা করছে জিএফএ কনসাল্টিং গ্রুপ।

জৈন্তাবার্তা/ সুলতানা