ছবি:সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া হাওরের বালিঙ্গা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি আটকে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি হাওরে কৃষিকাজ, ফসল উৎপাদন ও নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রায় তিন শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে।
বৃহত্তর ঘুঙ্গাদিয়া এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া ওই আবেদনে বলা হয়, মুড়িয়া হাওরের কৃষি ও মৎস্যসম্পদের উন্নয়নে প্রায় দুই থেকে তিন বছর আগে সরকারি উদ্যোগে বালিঙ্গা খাল খনন করা হয়। কিন্তু চলতি শুষ্ক মৌসুমে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের স্বার্থে মাছ শিকারের উদ্দেশ্যে নদীতে চারটি বাঁধ দিয়ে পানি আটকে রেখেছেন।
আবেদনে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, অহিদুর রেজা, রুহুল আমিন, আলী খান, ইসলাম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ ও শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমানসহ ৩১৩ জন স্বাক্ষর করেন।
অভিযোগে বলা হয়, বাঁধ নির্মাণের ফলে আশপাশের হাওরে চাষাবাদ ও ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কৃষকসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। খালে পানি আটকে রাখার কারণে বালিঙ্গা খালে প্রায় মৃত অবস্থায় পরিণত হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। এ অবস্থায় দ্রুত বাঁধ অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনওর নির্দেশে সরেজমিন তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে খালে আটটি বাঁধের অস্তিত্ব পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি খালের প্রায় দুই কিলোমিটার অংশ যথাযথভাবে খনন করা হয়নি বলেও প্রতিবেদনে উঠে এসেছে।
বিয়ানীবাজার উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সরেজমিন তদন্ত শেষে ইউএনও কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বাঁধ অপসারণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




