সিলেটে কোথায় কোনদিন হানাদার মুক্ত হয়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধার কথা-১

সিলেটে কোথায় কোনদিন হানাদার মুক্ত হয়

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৯/১২/২০২৩ ০৩:৪৬:৫৩ পূর্বাহ্ন

সিলেটে কোথায় কোনদিন হানাদার মুক্ত হয়

ফাইল ছবি


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিযে বহু তথ্য উপাত্ত রয়েছে। বিভিন্ন ইতিহাস গ্রন্থ, পত্রিকায় এর অনেক বর্ণনা রয়েছে। ডিসেম্বর এলে বিভিন্ন স্থানে পালিত হয় মুক্ত দিবস। বিভিন্ন ইতিহাস গ্রন্থ,পত্র পত্রিকার তথ্যমতে সিলেট জেলার কোন এলাকা কোনদিন মুক্ত হয় সেসব তথ্য উপাত্ত এখানে তুলে ধরা হলো। 

সিলেট মুক্ত দিবস: মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৫ ডিসেম্বর সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে সিলেটের মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করেন। নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন হয় এই অনন্য গৌরবমাখা ক্ষণটি। ১৯৭১ সালের এই দিন সন্ধ্যায় মুক্তিযোদ্ধারা বীরের মতো সিলেট শহরে আসতে শুরু করে। অন্যদিকে শহর থেকে পালাতে শুরু করে পাক বাহিনীর দোসর আলবদর, রাজাকার, আল-শামস বাহিনীর সদস্যরা। তাই ১৫ ডিসেম্বর সকালের চিত্রটা ছিলো অন্যদিনের চেয়ে আলাদা। অন্য এক আনন্দ প্রবাহ বয়ে গেছে সিলেটের আকাশ জুড়ে। বজ্রকন্ঠে বেজে উঠেছে ‘জয় বাংলা’ ‘জয় বাংলা’ ধ্বনি। রাজপথ শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো। প্রকম্পিত ছিলো সেদিনের প্রহর। সিলেট শহর জুড়ে ছিলো জনতার উচ্ছ্বাস। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বয়সী মানুষের মিছিল মিশে গিয়েছিলো এক মোহনায়। সব কণ্ঠস্বর এক স্রোতে মিশে গিয়েছিল সেদিন। ১৯৭১ সালের সেই দিনগুলো সিলেটবাসীকে তুমুলভাবে নাড়া দিয়েছিল। স্বাধীনতা অর্জনের জন্য সারা দেশের মতো সিলেটের সর্বস্তরের মানুষ ছিলো ঐক্যবদ্ধ। পাকিস্তানি দোসররা বাঙালি জাতির উপর নির্লজ্জভাবে সেদিন ঝাঁপিয়ে পড়েছিলো। তাই বলে হাত গুটিয়ে বসে থাকেনি সিলেটের মুক্তিপাগল মানুষ। সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেই রুখে দাড়ায় তাঁরা। সেদিন সিলেটের অনেক এলাকা জ্বলে পুড়ে ছারখার হচ্ছিলো। চারদিকে জ্বলছিল আগুনের লেলিহান শিখা। বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছিল আলী আমজাদের ঘড়ি। কিনব্রিজ হয়েছিল দ্বিখন্ডিত। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল বিভিন্ন স্থাপনা। ভারত ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পর সিলেট শহরে পাক হানাদার বাহিনীর উপর প্রচন্ড বিমান হামলা চালায় ভারত। এই হামলা ১৩ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিলো। ১৩ ডিসেম্বর দুপুরে মুক্তিবাহিনীর একটি দল খাদিমনগর এলাকায় এসে অবস্থান নেয়। একই দিন মুক্তিযোদ্ধাদের আরও কয়েকটি দল দক্ষিণ জালালপুর ও পশ্চিম লামাকাজিতে আসে। তখন ফাঁকা ছিলো শুধু উত্তর দিক। কিন্তু সেদিকে সীমান্তবর্তী পাহাড়, বনাঞ্চল থাকায় দোসরদের পালাবার কোনো পথ ছিলো না।

হঠাৎ দু’জন তরুণ বীর মুক্তিযোদ্ধা ফোরকান আলী (কুটু মিয়া) ও আনোয়ার হোসেন গোরা খাদিমনগর থেকে একটি গাড়িতে চড়ে পাকিস্তানি দোসরদের আত্মসমর্পণের জন্য বেশ কয়েক ঘণ্টা শহরে মাইকিং করতে থাকেন। তাদের সেই মাইকিংয়ের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের মনে নতুন করে সাহসের সঞ্চার হয়। তখন উত্তপ্ত সিলেট শহর। এদিকে, মাইকিং করতে করতে সাহসী দুই মুক্তিযোদ্ধা ক্রমান্বয়ে শহরের দিকে আসেন। পথে পথে, বাসা-বাড়ি, দোকানপাটে থাকা উদ্বিগ্ন মানুষ তাদের কণ্ঠের ধ্বনি শুনে ঘর থেকে রাস্তায় নেমে এসে তাদের স্বাগত জানিয়েছিলেন। অনেকেই তাদের উদ্দেশ্যে শ্লোগান তোলেন। যে গাড়িতে মাইকিং চলছিল সেই গাড়ির পেছনে আরেকটি গাড়িতে করে শহরের দিকে আসছিলেন মুক্তিযুদ্ধের উত্তর অঞ্চলের বেসামরিক উপদেষ্টা, তৎকালীন জাতীয় পরিষদ সদস্য প্রয়াত দেওয়ান ফরিদ গাজী ও মিত্র বাহিনীর অধিনায়ক কর্ণেল বাগচী। শহরের যেখানে সেখানে দাঁড়িয়ে লোকজন বিস্ময় দৃষ্টি নিয়ে তাদের দেখছিলেন। তখন হানাদারদের অবস্থান ছিলো সিলেট সরকারি কলেজের আশপাশে। প্রকাশ্যে আসতে না পারলেও গোপনে তারা সংগঠিত হওয়ার জন্য শক্ত প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু মাইকিং করার পর শত্রুরা আত্মসমর্পণের বিষয়টিকে উড়িয়ে দেয়। ফলে মুক্তিযোদ্ধাদের খাদিমনগরের দিকে ফিরে যেতে হয়। ওই দিন কদমতলী এলাকায় ঘটে আরেক ঘটনা। একটি ইটখোলায় থেকে যাওয়া ২১ জন পাকিস্তানি সৈন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন ৩৫ জনের মিত্র বাহিনীর একটি দল। ওই দলের সঙ্গে সেদিন মুক্তিযোদ্ধা রফিকুল হক, গামা, আফরাইন, আব্দুল মতিন, ম.আ. মুক্তাদির, মনির উদ্দিন, ইশতিয়াক আহমদ, বেলায়েত হোসেন, বেলায়েত হোসেন খান, জামানসহ ১৫ জন মুক্তিযোদ্ধা ছিলেন। সবাই ঐক্যবদ্ধভাবে ওইদিন মোকাবেলা করেছিলেন শত্রুদের। সেদিনের অপারেশনে নেতৃত্ব দেন রানা নামে এক ভারতীয় সুবেদার। প্রায় ৯ ঘণ্টা সম্মুখ যুদ্ধের পর নিরুপায় হয়ে পাকিস্তানিরা আত্মসমর্পণের পথ বেছে নেয়। এরপর শুরু হয় আরেক অধ্যায়। মাছিমপুর থেকে নিক্ষিপ্ত একটি শক্তিশালী মর্টার এসে আঘাত করে সুবেদার রানাকে। সঙ্গে সঙ্গে তিনি নিহত হন। আহত হন মিত্র বাহিনীর আরও দুই সদস্য। তবে, তাদের নাম সেদিন জানা ছিলো না কারো। পরে ১৪ ডিসেম্বর সরকারি কলেজের আশপাশ থেকে শত্রুরা তাদের অবস্থান তুলে নেয়। ওইদিন দুপুরে দেওয়ান ফরিদ গাজী ও কর্নেল বাগচী বিনা প্রতিরোধে শুধু শহরেই নন, বিমানবন্দরের পাশে গড়ে ওঠা শত্রুদের মূল ঘাঁটির কাছাকাছি পর্যন্ত ঘুরে আসেন। ইতোমধ্যে ‘জেড’ ফোর্স’র সেনারা এমসি কলেজ সংলগ্ন আলুরতলে সরকারি দুগ্ধ খামারের কাছে পৌঁছে যান। তখন পাকিস্তানি সৈন্যরা সবদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। ওইদিন সন্ধ্যায় চারদিক থেকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর জওয়ানরা দলবদ্ধভাবে এবং স্বতঃস্ফূর্ত হয়ে শহরে প্রবেশ করতে শুরু করেন। মুক্তিযোদ্ধাদের কোলাহলে মুখর হয়ে ওঠে সিলেট শহর। পাড়া-মহল্লা, অলিগলি পর্যন্ত এই খবর পৌঁছে যায়। ‘জয় বাংলা, জয় বাংলা’ শ্লোগানে ভারী হয় বাংলার মাটি। পরদিন ১৫ ডিসেম্বর সকালে সকল বয়সী মুক্তিপাগল মানুষের ঢল নামে সিলেট শহরে। তাদেরকে ঘিরে ভিড় জমে পথে পথে। ঘড়িতে তখনো ১২টা হয়নি। শহরবাসী মাইকের মাধ্যমে উচ্ছ্বাস ভরা কন্ঠে গোটা সিলেটে প্রচার করতে থাকেন ‘সিলেট হানাদার মুক্ত’ সিলেট হানাদার মুক্ত’। সেই থেকে সিলেট মুক্ত দিবস পালিত হয়ে আসছে।

দক্ষিণ সুরমা মুক্ত দিবস ১৩ ডিসেম্বর: সুরমা নদীর দক্ষিণ তীর ঘেঁষে সিলেটের দক্ষিণ সুরমা জনপদের অবস্থান। শহরের কাছের জনপদ হওয়ায় ১৯৭১ সালের তৎকালীন সিলেটের বিভিন্ন জেলা ও থানার গুরুত্বপূর্ণ এলাকা ও সদরের অনেক ইউনিয়ন পরিষদের অবস্থান ছিল এখানে। সড়ক ও রেলপথে মূল শহরে প্রবেশ করতে হয় দক্ষিণ সুরমা দিয়ে। ফলে অবস্থানগত কারণে এ জনপদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধের সময় এই জনপদের মানুষ গৌরবময় ভূমিকা রেখেছেন। একাত্তর এর ডিসেম্বর মাস। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর, আজকের এই দিনে দক্ষিণ সুরমার সম্মুখ যুদ্ধ ও পাকহানাদার মুক্ত হয় কদমতলীসহ গোটা দক্ষিণ সুরমা। এমন তথ্য জানান বীর মক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল হক।

জকিগঞ্জ মুক্ত দিবস ২১ নভেম্বর: দেশব্যাপী যুদ্ধ শুরু হওয়ার পূর্বে সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জকে শত্রু মুক্ত করার শপথ নেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। সে মতে ১৯৭১ সালের ২০ নভেম্বর রাতে যৌথ বাহিনীর এক সাঁড়াশি অভিযানের ফলে ২১ নভেম্বর ভোরে মুক্ত হয় জকিগঞ্জ। মুক্তিযুদ্ধে জকিগঞ্জ ছিল ৪ নং সেক্টরের অন্তর্ভূক্ত। অধিনায়ক ছিলেন মেজর চিত্ত রঞ্জন দত্ত। প্রয়াত সাবেক মন্ত্রী এমপি দেওয়ান ফরিদ গাজী ছিলেন এই সেক্টরের বেসামরিক উপদেষ্টা।

২৭ মার্চ জকিগজ ডাক বাংলোয় এক গোপন বৈঠকে থানার সকল ইপিআর ক্যাম্পের পাক সেনাদের খতমের সিদ্ধান্ত হয়। ২৮ মার্চ বীর মুক্তিযোদ্ধা মেকাই মিয়া, চুনু মিয়া, আসাইদ আলী, ওয়াতির মিয়া, তজমিল আলী, মশুর আলী, হাবিলদার খুরশিদ, করনিক আবদুল ওয়াহাব, সিগনালম্যান আবদুল মোতালেব প্রমুখ প্রথমে জকিগঞ্জ ও মানিকপুর ইপিআর ক্যাম্পে অপারেশন চালিয়ে পাক সেনাদের খতম করে জকিগঞ্জে মুক্তিযুদ্ধের সূচনা করেন।

এমপি মরহুম দেওয়ান ফরিদ গাজী, এমএলএ মরহুম আবদুল লতিফ, এমএলএ আব্দুর রহিম, সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্ত, মিত্র বাহিনীর দায়িত্ব প্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার ওয়াটকে, কর্নেল বাগচিসহ মাছিমপুর ক্যান্টলম্যান্টে জকিগঞ্জকে স্বাধীন করার এক পরিকল্পনা গ্রহণ করা হয়। ঐ পরিকল্পনা ছিল কীভাবে কুশিয়ারার ওপারে ভারতের করিমগঞ্জের মানুষকে ক্ষতিগ্রস্ত না করে জকিগঞ্জ দখল করা যায় এবং এ পরিকল্পনা মতোই জকিগঞ্জ মুক্ত হয়। মুক্তাঞ্চলের প্রথম আইন শৃংখলা রক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডার সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জকে মুক্ত করার পরিকল্পনা অনুসারে ২০ নভেম্বর রাতে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী ৩টি দলে বিভক্ত হয়ে প্রথম দল লোহার মহলের দিকে ও দ্বিতীয় দল আমলসীদের দিকে অগ্রসর হয়। মূল দল জকিগঞ্জের কাস্টমঘাট বরাবর করিমগঞ্জ কাস্টম ঘাটে অবস্থান নেয়। প্রথম ও দ্বিতীয় দল নিজ নিজ অবস্থান থেকে কুশিয়ারা নদী অতিক্রম করে  জকিগঞ্জের দিকে অগ্রসর হয়। পাক বাহিনী খবর পেয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করে। মুক্তিবাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলেছে ভেবে তারা আটগ্রাম-জকিগঞ্জ সড়ক দিয়ে পালাতে থাকে।  ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দল জকিগঞ্জ পৌঁছে যায়। মূল দল কুশিয়ারা নদী রাবারের বালিশ দিয়ে সেতু তৈরি করে জকিগঞ্জ শহরে প্রবেশ করে। তখন পাক সেনাদের বুলেটে শহীদ হন ভারতীয় বাহিনীর মেজর চমন লাল ও তার দুই সহযোগী।

এ সময় কয়েকজন পাক সেনাকে আটক করা হয়। এভাবেই মুক্ত হয় জকিগঞ্জ। একুশে নভেম্বর ভোরে জকিগঞ্জের মাটিতেই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। এ সময় পাক হানাদার বাহিনী কর্তৃক আটকৃত বন্দীদের জকিগঞ্জ থানা থেকে মুক্ত করা হয়।

গোলাপগঞ্জ মুক্ত দিবস ১২ ডিসেম্বর: দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১২ ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পাক হানাদারবাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল।  ১৯৭১ সালের এই দিনে গোলাপগঞ্জে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন পৌরসভার রণকেলী এলাকার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম জি এন চৌধুরী হুমায়ুন। ওইসময় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও হাজার হাজার উল্লসিত জনতা মুক্তির পতাকা হাতে ‘জয় বাংলা’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন উপজেলার রাজপথ। গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সম্মুখে একটি আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বালাগঞ্জ মুক্ত দিবস ৭ ডিসেম্বর:১৯৭১ সালের ৭ ডিসেম্বর। আজকের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্ণেল এম এ জি ওসমানীর পৈত্রিক নিবাস অবিভক্ত বালাগঞ্জ থেকে। এদিন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামালের নেতৃত্বে মুক্তিবাহিনীর একটি দল বালাগঞ্জ থানা দখল করে। জানা যায়, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২ ডিসেম্বর সকাল ৬টায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাতাছড়া থেকে ৪০ জন মুক্তিযোদ্ধা বালাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামালের নেতৃত্বে এ বাহিনীর অন্যান্য সহযোদ্ধা হিসেবে ছিলেন মুছব্বির বেগ, শফিকুর রহমান, মনির উদ্দিন, ধীরেন্দ্র কুমার দে, নীহারেন্দু ধর, আব্দুল খালিক, জবেদ আলী, সিকন্দর আলী, আমান উদ্দিন, লাল মিয়া, মনির উদ্দিন আহমদ, মজির উদ্দিন আহমদ, মো. সমুজ আলী, আব্দুল বারী প্রমুখ।

এদের মধ্যে ২৬ জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী পথে মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরে থেকে যান। বাকী ১৪ জনের দলটি ৪ ডিসেম্বর সন্ধ্যার পর অধিনায়ক আজিজুল কামালসহ ফেঞ্চুগঞ্জ থানার মাইজগাঁও এলাকার আব্দুল গণি মাস্টার ও বদরুল হক নিলুর বাড়ীতে উঠেন। সেখান থেকে একই রাত ১২ টার সময় রওয়ানা হয়ে রাত ২ টার সময় ইলাশপুর রেল সেতুর নিকট অবস্থান করেন। পরদিন ভোরে একদল পাক সেনা সিলেট থেকে ফেঞ্চুগঞ্জের দিকে অগ্রসর হলে মুক্তিবাহিনীর সাথে মুখোমুখি হয়। সেখানে প্রায় অর্ধঘন্টা যুদ্ধ চলে। পাকিস্তানী সৈন্যরা শেষ পর্যন্ত ২টি এসকেএস রাইফেল ও বেশ কিছু গোলাবারুদ ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর, মুক্তিযোদ্ধারা ইলাশপুর সেতু অতিক্রম করেন। এ সময় বড়লেখা থেকে ২৬ জনের দলটিও সেখানে এসে পৌঁছে যায়। এতে উভয় দলের মনোবল আরো বেড়ে যায়। মুক্তিযোদ্ধারা ইলাশপুর সেতুর অবস্থান থেকে ৬ ডিসেম্বর ভোর রাতে রওয়ানা হয়ে সন্ধ্যা ৭টার সময় প্রায় ১২ কিলোমিটার দূরে বর্তমান বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছতে সক্ষম হন। এরপর, সেখানে অবস্থান করে শুরু হয় তথ্য সংগ্রহের পালা।

সংবাদ পাওয়া যায়, বালাগঞ্জ থানায় পাক হানাদার বাহিনী নেই, তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আুল জব্বারের নেতৃত্বে একদল বাঙ্গালী পুলিশ রয়েছে। সেদিন রাজশাহীর বদিউজ্জামান, বিয়ানীবাজারের ডা. জাকারিয়া ও কাজীপুরের আব্দুছ সুলতান বার্তা বাহকের কাজ করেন। ইতোমধ্যে রাত নেমে আসে। রাতেই মুক্তিযোদ্ধারা থানা ভবনে অবস্থানকারী পুলিশ বাহিনীকে ঘেরাও করে ফেলেন।

৭ ডিসেম্বর সকালে বার্তা বাহক দুই জনকে দিয়ে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আত্মসমর্পণের নির্দেশ পাঠানো হয়। পুলিশ বাহিনী তখন দুই ঘণ্টা সময় প্রার্থনা করে। কিন্তু অধিনায়ক আজিজুল কামাল ঘোষণা করেন বড়জোড় ১০মিনিট সময় দেওয়া যেতে পারে। অতঃপর সিদ্ধান্ত হয় পাক হানাদারের ওই দোসররা সকাল ৯ টায় অস্ত্র সমর্পণ করবে। এই সিদ্ধান্ত মোতাবেক পুলিশ বাহিনী থানা ভবনের মালখানায় অস্ত্র জমা দেয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা সকাল পৌনে ১০টায় মুক্তি বাহিনীর অধিনায়কের নিকট চাবি হস্তান্তর করে। এ সময় এলাকার মুক্তিকামী শতশত মানুষের হর্ষধ্বনীতে প্রকম্পিত হয়ে উঠে বালাগঞ্জ। পাকিস্থানি পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলে থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত শত শত জনতা মুক্তিবাহিনীকে বালাগঞ্জে স্বাগত জানায়।

সেদিন আত্মসমর্পণের পর অধিনায়ক আজিজুল কামাল হাতে স্টেনগান নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা শান্ত থাকুন, এখানকার সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, বালাগঞ্জের পুলিশ বাহিনী এবং রাজাকাররা আমাদের কাছে সালেন্ডার করেছে। আজ আমরা মুক্ত।

তারপর, সকাল ১০টার সময় থানা প্রাঙ্গণে কুয়াশাঘন সকালে মাঠের এক পার্শ্বে মুক্তিবাহিনীর সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করেন। সবার হাতে অস্ত্র। অধিনায়ক আজিজুল কামাল দলের মুক্তিবাহিনীর ৪০জন মুক্তিযোদ্ধাকে উপস্থিত জনতার সামনে পরিচয় করিয়ে দেন। এসময় উৎসুক জনতা বিজয়ী মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানান। আর মাঠে জড়ো হওয়া সবাই চূড়ান্ত বিজয়ী হয়ে সৃষ্টি সুখের উল্লাসে ছড়িয়ে পড়েন বালাগঞ্জের গ্রাম থেকে গ্রামে।

ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস ১১ ডিসেম্বর:ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস ১১ ডিসেম্বর । ১৯৭১ সালের এই দিন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনী ফেঞ্চুগঞ্জের সাহসী বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বক্ষণে ফেঞ্চুগঞ্জ ও হাকালুকি হাওরে মুক্তিযোদ্ধা এবং পাকসেনাদের মধ্যে তীব্র লড়াই হয়। একই সাথে ফেঞ্চুগঞ্জের সাহসী মুক্তিযোদ্ধারা ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা নদীর উত্তর পাড়ে পাকসেনাদের বাংকারে গোলাবর্ষণ করতে করতে বাংকার অভিমুখে অগ্রসর হতে থাকে। দীর্ঘক্ষণ লড়াইয়ে পূর্ণাঙ্গ সফলতা লাভ করেন মুক্তিযোদ্ধারা। স্মরণকালের এ লড়াইয়ে বিপুল সংখ্যক পাক সেনা নিহত হয়। জীবিত অবস্থায় অস্ত্রসহ অনেক পাকবাহিনীকে ধরে ফেলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের দাবানলের সূচনালগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তৎকালীন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মরহুম আব্দুল লতিফের নেতৃত্বে নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জ থানা থেকে অস্ত্র নিয়ে ফেঞ্চুগঞ্জের শান্তি ও নিরাপত্তার স্বার্থে পাহারা বসানো হয়। ফেঞ্চুগঞ্জের কৃতি সাহসী যোদ্ধা মরহুম সৈয়দ মকবুল আলী, শহীদ ডা. ফয়েজ মিয়া, সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া, বর্তমান আনসার কমান্ডার আজমল হোসেন রইফসহ কয়েকজন পাহারায় অংশ নেয়। এরই মধ্যে কয়েকজন সাহসী যোদ্ধা পাকসেনাদের ফেঞ্চুগঞ্জ আগমনে প্রতিবন্ধকতা তৈরি করতে ফেঞ্চুগঞ্জ ইলাশপুর রেলওয়ে ব্রীজ ডিনামাইট বিস্ফোরণে উড়িয়ে দেন।

১৯৭১ সালের এপ্রিলের প্রথম দিকে দল বেঁধে ফেঞ্চুগঞ্জ এলাকা প্রবেশ করে ফেঞ্চুগঞ্জ বাজারের ‘কাইয়ার গুদামে’ আস্তানা গড়ে পাকবাহিনী। শুরুতেই রাজাকারদের সহায়তায় ফেঞ্চুগঞ্জ ইসলামপুর গ্রামের তৎকালীন আওয়ামী লীগ নেতা মরহুম হাজী আছকর আলীর বাড়িতে হানা দেয়। বাড়িতে কাউকে না পেয়ে কুখ্যাত রাজাকারদের সহায়তায় পাকসেনারা মরহুম আছকর আলীর ছেলে তৎকালীন ছাত্রলীগ কর্মী আছাদুজ্জামান বাচ্চুকে ধরে নিয়ে যায়। এ ছাত্রনেতা আর ফিরে আসেনি জল্লাদদের হাত থেকে। বিভিন্ন জনের ভাস্যমতে পাক হানাদার বাহিনীর হাতে ফেঞ্চুগঞ্জের প্রথম শহীদ আছাদুজ্জামান বাচ্চু। পাকবাহিনী ‘কাইয়ার গুদাম’ জল্লাদখানা তৈরি করে ফেঞ্চুগঞ্জের অসংখ্য নিরীহ বাঙালিকে হত্যা করে কুশিয়ারা নদীতে ভাসিয়ে দিয়েছে। 

বিশ্বনাথ নাথ মুক্ত দিবস ১০ ডিসেম্বর: ১৯৭১ সালের ১০ ডিসেম্বর দেশের অন্যান্য স্থানের মতো এ এলাকার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হায়েনা ও তাদের এদেশীয় দোসরদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর মাধ্যমে পাক হানাদার মুক্ত হয় সিলেটের ঐতিহ্যবাহী জনপদ ও প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা। এরপর থেকে ১০ ডিসেম্বর বিশ্বনাথ মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জানা যায়, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর কুরুয়া, তাজপুর, দয়ামীর, নাজিরবাজার, রশিদপুর শক্রমুক্ত করে এসে মুক্তিযোদ্ধারা জানতে পারেন তৎকালীন বিশ্বনাথ থানার ওসি আবুল হোসেন ও দারোগা আলী আহমদ এবং স্থানীয় রাজাকাররা স্বাধীনতার লাল সবুজের পতাকা উত্তোলন করতে দিচ্ছে না। এই সংবাদে উত্তেজিত হয়ে ৫নং সেক্টরের কোম্পানী কমান্ডার আব্দুন নূরের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা সরাসরি উপজেলা সদরে পৌঁছে তাদের আত্মসমর্পণে করতে বাধ্য করেন। মুক্তিযোদ্ধাদের জোরালো ভূমিকার কারণে এসময় স্থানীয় রাজাকাররা পালিয়ে গেলে থানা পুলিশ আত্মসমর্পণে বাধ্য হয়। আত্মসমর্পণের ঘটনায় রাত হয়ে যাওয়ায় ওই দিন আর বিজয় পতাকা উত্তোলন করা হয়নি। এরপর ১০ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্বনাথ থানা সদরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিশ্বনাথকে শক্র মুক্ত ঘোষণা করেন ৫নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর। এ সময় বিশ্বনাথ পৌর শহরের উত্তর মিরেরচর গ্রামের আব্দুল মুতলিব বিএসসিকে থানা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ যোগ দেন। পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে বিলম্ব হওয়ায় পরদিন আবার বিজয় সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। তাই ১১ ডিসেম্বর দৌলতপুর গ্রামের মরহুম আব্দুর রব চৌধুরী ওরফে সমুজ মিয়ার সভাপতিত্বে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৫নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন একই সেক্টরের ল্যান্সনায়ক গোলাম মোস্তফা। সমাবেশে বক্তব্য রাখেন মরমী কবি হাছন রাজার দৌহিত্র ও সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান তৈমুর রাজা চৌধুরীর পুত্র দেওয়ান সমশের রাজা চৌধুরী, থানা প্রশাসক মরহুম আব্দুুল মুতলিব বিএসসি, মিরেরচর গ্রামের মরহুম আব্দুল মন্নান মনাফ, চান্দসিরকাপন গ্রামের মরহুম ইসকন্দর আলী সারং, মরহুম কয়েছ চৌধুরী, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুফতিরগাঁও গ্রামের আকমল আলী, ধর্মদা গ্রামের তজম্মুল আলী, নোয়াগাঁও গ্রামের মরহুম আছলম খান, রাজনগর গ্রামের একরাম মিয়া, নরসিংপুর গ্রামের মরহুম আইন উল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ। এরপর থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতি বছর ১০ ডিসেম্বরকে ‘বিশ্বনাথ মুক্ত দিবস’ হিসেবে পালন করে আসছেন। 

বিয়ানীবাজার মুক্ত দিবস ৬ ডিসেম্বর: বিয়ানীবাজার মুক্ত দিবস ৬ ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনে বিয়ানীবাজার উপজেলা হানাদার মুক্ত হয়েছিল। দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামের পর উপজেলার কয়েক হাজার মানুষ পাকবাহিনী ও রাজাকার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে বিয়ানীবাজারে শহীদ হন ১২৪ জন।

সর্বশেষ ৬ ডিসেম্বর ভোরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুরে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছে। যুদ্ধের এক ঘন্টার মধ্যে মুক্তিসেনাদের আক্রমনে পিছু হটে পাক সেনারা। ওই দিনই বিয়ানীবাজার থানায় পাক সেনাদের ক্যাম্প থেকে সকল সৈন্য পালিয়ে যায়। স্থানীয় মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধারা বিয়ানীবাজার থানা টিলায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পাক সেনারা উপজেলার কাঁঠালতলা বধ্যভূমি ও রাঁধা টিলা, সারপার টর্চারসেলসহ বিভিন্ন স্থানে স্থানীয়দের ধরে এনে নির্যাতন করতো। নির্যাতিতদের মধ্যে কাঁঠালতলায় প্রায় ৬০ জনের উপরে ও রাধা টিলা প্রায় ৩০ জনকে পাক সেনারা গুলি করে হত্যা করে এবং সারপার টর্চারসেলে ৭ জনকে হত্যা করে সীমান্তবর্তী নওয়াগ্রাম গণকবরে পুঁতে দেয়। দেশের একমাত্র প্রবাসী বাউল কমর উদ্দিনকেও কাঁঠালতলায় হত্যা করে পাকবাহিনী। রাধা টিলায় (বর্তমান স্মৃতি সৌধ) সুপাতলার ঘোষ পরিবারের ১২জনকে একই সাথে হত্যা করে। যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা উপজেলায় ৬টি গণকবর আবিষ্কার করেন।

কানাইঘাট মুক্ত দিবস ৪ ডিসেম্বর:কানাইঘাট উপজেলা মুক্ত দিবস হলো ৪ ডিসেম্বর । ১৯৭১ সালের আজকের এই দিনে সূর্য জেগে উঠার পুর্বেই পাক-হানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর মুখামুখী লড়াই শুরু হয়।চারিদিকে গ্রেনেড আর গুলির বিকট শব্দে ঘুম ভাঙ্গে এলাকার মানুষের। ঘুমন্ত মানুষেরা দৌড়ে পালাতে থাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। সেদিন কানাইঘাট উপজেলার আকাশে বিশেষ করে ভেসে আসে নারী ও শিশুদের কান্নার আওয়াজ। অবশেষে এই মুখামুখী যুদ্ধে মুক্তিবাহিনীর কাছে আত্মসর্ম্পণ করতে বাধ্য হয় পাক-হানাদার বাহিনী। ২৫ মার্চ রাতে পাক-হানাদার বাহিনী বাঙ্গালীদের উপর হামলা চালালেও মুলত কানাইঘাট উপজেলায় হামলা করে জুনের মাঝামাঝি সময়ে। দীর্ঘ সময়ে যুদ্ধ করে শত লাশের বিনিময় অবশেষে ৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় কানাইঘাট উপজেলা।  উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল ইসলাম এর তথ্যমতে সর্বশেষ তুমুল যুদ্ধ হয় উপজেলার নগলার ব্রিজ হতে ডাকবাংলা, চাপনগর ও ভাড়ারীমাটি জুড়ে। এ সময় পাক বাহিনীর নেতৃত্ব দেন ক্যাপন্টিন বসারত আর মুক্তি বাহিনীর নেতৃত্বে ছিলেন ৪নং সেক্টর কমান্ডার সিআর দত্ত বীর বিক্রম। জানা যায়, মুক্তিযুদ্ধের সময়ে এ এলাকার মানুষ সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পুর্ব ইউপিকে দ্বিতীয় ভারত বলে ডাকতো। যার কারণে মুক্তিযোদ্ধাদের দুর্গ ছিল পাহাড়ী অঞ্চলের লোভাছড়া চা-বাগানে। ৪নং সেক্টরের ক্যাপ্টেন মাহবুবুর রব সাদির নেতৃত্বে তখন এ বাগানের কারখানাটি ধ্বংস করে দেওয়া হয়েছিল। কারণ দেশ ভাগের পুর্বে এ বাগানটি শোষণ করতো পাকিস্তানীরা। এ উপজেলা থেকে ৩শ' ৯জন মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানী বেলুচি রেজিমেন্টের সদস্যদের হাতে এ উপজেলায় প্রথম শহীদ হয়েছেন ভাড়ারীমাটি গ্রামের শাহাদাৎ হোসেন। সম্মুখ যুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধা সেদিন শহীদ হয়েছিলেন তারা হলেন বাখালছড়ার আহসান আলী তার কবরটি আটগ্রাম বাজারে, চারখাই দসাখালিতে দর্পনগরের রফিকুল হক, ভারতের কমলপুরে বড়চাতলের আব্দুল খালিক, নিজ বাড়ি উজান বারাপৈতে নক্তিপাড়ার মশাহিদ আলী, নিজ বাড়িতে খুলুরমাটির নুর উদ্দিন, নিজ গ্রামে নক্তিপাড়ার আব্দুর রহমান জুলাই বীরাখাইয়ে শহীদ আব্দুল লতিফ, সাতবাঁক ঈদগাঁহে মুহিবুর রহমান, বড়খেওর মন্তজগঞ্জে ক্যাপ্টেন নিজাম সহ অজ্ঞত দুজন এবং নাম না জানা আরেক বীর মুক্তিযোদ্ধার কবর কুওরেরমাটি গ্রামে রয়েছে। এছাড়াও খুকুবাড়ির আহমদ হোসেন, দক্ষিণ লক্ষীপ্রসাদের আবু সিদ্দেক, ছোট দেশের সাঈদুল হোসেন, পাক-হানাদার বাহিনীর সাথে মুখামুখী যুদ্ধে শহীদ হয়েছেন বলে জানা গেছে। এ উপজেলায় ৩টি গণ কবর রয়েছে। প্রকৃত ৩০৯জন মুক্তিযোদ্ধার মধ্যে প্রায় ১৯ জন মুক্তিযোদ্ধার নাম কোনোন তালিকায় না থাকায় তারা আজও সকল সুযোগ সুবিদা থেকে বঞ্চিত। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক