জৈন্তাপুরের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ উদ্দীন আহমেদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯১ বছর।
বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ জৈন্তাপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জৈন্তা ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। পাক হানাদার বাহিনীর হাতে তিনি ও তার পরিবার বার বার নির্যাতিত হয়েছিলেন। তার ছোট ভাই শহিদ আলতাফ মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন।
বর্ষীয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্বের বয়স বাড়ার কারণে দীর্ঘদিন যাবত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরে ছিলেন।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন যাবত চিকিৎসারত অবস্থায় ছিলেন। গত শনিবার(৯ই ডিসেম্বর) তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮ ঘটিকার সময় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সিরাজ উদ্দিন আহমেদের সাথে বৃহত্তর জৈন্তার আলেম সমাজ থেকে শুরু করে সর্বমহলে তার ছিল সুসম্পর্ক।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। রবিবার সকালে মন্ত্রী ইমরান আহমদ মরহুম সিরাজউদ্দিনের মরদেহ দেখতে তার জৈন্তাপুর সদরে বাসভবনে আসেন।
এদিকে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজউদ্দীন আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহল, প্রবীণ আলেম,রাজনৈতিক সংগঠন, শিক্ষানুরাগী,জনপ্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা শোক জানান।
রবিবার (১০ই ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় জৈন্তাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম রাজবাড়ী মাঠে তার জানাজা সম্পন্ন করা হবে। মরহুমের জানাজায় অংশ নিতে ও তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার বড় ছেলে বদরউদ্দিন আহমেদ পারভেজ।
জৈন্তাবার্তা/এমকে




