জয়িতা অন্বেশনে বাংলাদেশ এ সিলেট জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত হয়েছেন জৈন্তাপুর উপজেলার মিনারা বেগম। তিনি সফল জননী ক্যাটাগরীতে এ সম্মাননা পেয়েছেন।
গত শনিবার (৯ই ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ এ সিলেট জেলা প্রশাসন ও সিলেট মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে এই সম্মাননা তাকে দেওয়া হয়।
শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মিনারা বেগমের পাশাপাশি পৃথক ক্যাটাগরীতে আরো চারজন সফল নারীকে জয়িতা সম্মাননায় ভূষিত করা হয়।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকি।
ওইদিন জয়িতা সম্মাননা প্রাপ্ত অন্য সফল নারীরা হচ্ছেন লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে বেশী ভূমিকা রাখায় সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক সূবর্ণা হামিদ, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিপারা বেগম,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী আদরী রানী দাস,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমী নারী ফারহানা আক্তার সুমি।
এদিকে সফল জননী নারী হিসেবে জয়িতা সম্মাননায় ভূষিত হওয়ায় মিনারা বেগমকে অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলার সর্বস্তরের মানুষ।
মিনারা বেগম একজন গৃহিনী। তার স্বামী মোঃ কুতুব উদ্দিন পেশায় একজন ব্যবসায়ী। জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া গ্রামে বাসিন্দা কুতুবউদ্দিন ও মিনারা দম্পতির সংসারের পাঁচজন সন্তান।
আজকের সফল জননী জয়িতা সম্মাননায় ভূষিত হওয়ার পিছনের গল্পে রয়েছে তাদের এই সন্তানদের সমাজ ও রাষ্ট্রে সুনাগরিক হিসেবে গড়ে তুলার সোনালী ইতিহাস।
মিনারা বেগমের বড় ছেলে ডাঃ কাওসার আহমেদ ২০২০ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে এখন জৈন্তাপুর পপুলার ডায়াগনস্টিক ও ক্লিনিকে কর্মরত। তাদের পুত্রবধূ ডাঃ ফাহমিদা। মিনারা বেগমের বড় মেয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছে। তাদের ২য় কন্যা উম্মে কুলসুমা রংপুর মেডিক্যাল কলেজ থেকে ২০২১ সালে এমবিবিএস পাশ করে বর্তমান স্বামী পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত। তাদের তৃতীয় কন্যা উম্মে ফাতেমা সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ইন্টার্নি চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ছেলে ফয়েজ আহমেদ চলতি বছর এইচএসসিতে জিপিএ -৫ পেয়েছে। তার লক্ষ্য ইন্জিনিয়ারিং এ পড়া।
এদিকে জৈন্তাপুর উপজেলায় আসামপাড়া গ্রামের মত একটি মফস্বল এলাকা থেকে একই পরিবারে সকল সন্তানেরা মেধাবী ও নিজ নিজ অবস্থানে সফলতা নিয়ে এলাকা সাধারণ মানুষের মধ্যে ব্যপক প্রশংসা অর্জন করেছে।
জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল বলেন, মিনারা বেগমের পরিবার শুধু আমাদের আসামপাড়া গ্রামের জন্যই নয় বরং পুরো জৈন্তাপুর উপজেলার জন্য একটি জলন্ত উদাহরণ। তিনি সম্পর্কে আমার ভাবি। সন্তানদের লালন পালন করে শিক্ষিত করে দেশ ও সমাজে প্রতিষ্ঠিত করতে মায়ের কি ভূমিকা তা মিনারা বেগমকে দেখলে বুঝা যায়।
এ বিষয়ে জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, সিলেট জেলায় শ্রেষ্ঠ জয়িতা মিনারা বেগম তিনি ও তার সন্তানেরা আমার ইউনিয়নের নাগরিক এটা ভাবতে নিজেকে খুব গর্বিত মনে করি। আমি আশা রাখবো আমাদের সমাজের সকল সচেতন নারীরা মিনারা বেগমকে অনুসরণ করবেন।
এদিকে সিলেট জেলা সফল জননী নারী শ্রেষ্ঠ জয়িতা মিনারা বেগমের সাথে আলাপকালে তিনি জানান, আমার জীবনের স্বপ্ন ছিলো সন্তানদের সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। সংসার জীবনে সবসময় ভালো সময়ের পাশাপাশি সংকটময় সময়ও পার করেছি।
সন্তানদের মানুষ করতে গিয়ে নানান প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। কিন্তু ধৈর্য্য কখনও হারাই নি। আমার সন্তানদেরও অনেক ধৈর্য্যশীল করে গড়ে তুলার চেষ্টা করেছি। তিনি বলেন সকল অভিভাবকদের তার সন্তানদের লক্ষ্য শিশু বয়স থেকেই স্হির করতে হবে। জীবনের প্রথম অক্ষরজ্ঞান মায়ের হাতে থেকে শুরু হলেও তাদের সাম্প্রতিক বিকাশে শিক্ষক ও সমাজের সকলের ভুমিকা থাকে।
তিনি আরো বলেন সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলা একজন পিতা মাতার নিকট সবচেয়ে বড় সম্পদ। অর্থ,প্রাচুর্য এগুলো নয়। আজ জয়িতা সম্মাননায় ভূষিত করার জন্য তিনি সিলেট জেলা প্রশাসক ও জেলা মহিলা অধিদপ্তর সহ জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জৈন্তাবার্তা/এমকে




