সিলেটের কালীঘাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান।
পেঁয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা আরোপ করার পর সিলেটের বাজারে হু হু করে পেঁয়াজের দাম বেড়ে চলেছে। এমতাস্থায় ব্যবসায়ীদের লাগাম টানতে, পেঁয়াজের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সিলেটে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরীর পাইকারি আড়ৎ কালীঘাটে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম।
এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না রাখার কারণে এক বিক্রেতাকে জরিমানা করা হয়।
অভিযানে কালীঘাটের রঞ্জিত বানিজ্যালয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বেশকিছু পাইকারি দোকানে গিয়ে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, নগরীর কালিঘাটে পেঁয়াজের বাজারে অভিযানে দেখা যায় বেশিরভাগ দোকানেই কোনো মূল্য তালিকা টাঙ্গানো নেই। এছাড়া তারা বিক্রির ক্ষেত্রেও কোনো রশিদ দেন না এবং অতিরিক্ত দামে বিক্রি করছেন। একারণে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্যাসল পুরকায়স্থ আরও বলেন, আমরা বাকিদেরও সতর্ক করে দিয়েছি যাতে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করেন। অন্যথায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান চলমান থাকবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদরের তালিকা বলছে, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
জৈন্তাবার্তা/জেএ




