সিলেটে ৩০ বধ্যভূমি সংরক্ষণ এখন সময়ের দাবী।
সিলেটে ৩০ বধ্যভূমির একটিও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়নি বিজয়ের ৫৩ বছরে। সালুটিকর কাকুয়ারপার, পারাইরচক লালমাটিয়াসহ সরকারীভাবে ৭ বছর আগে এসব বধ্যভূমি শনাক্ত করা হলেও আজো সরকারী কোনো উদ্যোগ নেই এ ব্যাপারে। কবে নাগাদ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়া হবে তা কেউ বলতেও পারছেন না। আর এনিয়ে সিলেটের মুক্তিযোদ্ধাদের মাঝেও ক্ষোভ রয়েছে।
একাধিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে সিলেটের জেলা প্রশাসন থেকে তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী জানান , তারা ৩০টি বধ্যভূমি শনাক্ত করে এর তালিকা করেছেন। এগুলো সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য তারা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন।
এ প্রসঙ্গে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন জৈন্তা বার্তা’কে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী সিলেটের বিভিন স্থানে জড়ো করে মুক্তিকামী মানুষদের হত্যা করে, পুতে রাখে। ২০১৫ সালেএরকম প্রায় ৩০ টি স্থান তারা চিহ্নিত করেছেন। সিলেটের জেলা প্রশাসনও সেই ৩০টি স্থানের তালিকা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠান এবং সেসব স্থানে স্মৃতি স্তম্ভ নির্মাণ ও সংরক্ষণের প্রস্তাব প্রেরণ করেন মন্ত্রণালয়ে। এরপর আর এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগ লক্ষ করা যায়নি। ভবতোষ রায় বলেন, আমি আমি কমান্ডার হওয়ার পর এই ৩০টি স্থান ভিজিট করেছি, এসব স্থানে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। কাকুয়ারপার সালুটিকর, লালমাটিয়া ছাড়াও সিলেট সার্কিট হাউজ, ক্যাডেট কলেজের পাশের টিলা, কুশিঘাট, শিবগঞ্জ গোলাপবাগ,হাওয়া ঘোষবাড়ি, আবহাওয়া অফিস, পানি উন্নয়ন বোর্ডের টিলা, আখালিয়া বিজিবি ক্যাম্পের বিপরীত স্থান, খরাদিপাড়া, রসময় মেমোরিয়াল স্কুলের পাশে একটি স্থান, জিন্দাবাজার দাড়িয়াপাড়া,পুরানলেনেও আছে আরেকটি, চৌহাট্টা গণকবর ও বধ্যভূমিসহ অসংখ্য স্মৃতিচিহ্ন রয়েছে। এছাড়া বিভাগের বিভিণ্ন জায়গায় অসংখ্য স্থান রয়েছে যে গুলোতে মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতন করা হয়েছে। আমরা সরকারের কাছে লিখিত দাবী জানিয়েছি এগুলো সংরক্ষণের জন্য।
জানা গেছে, মুক্তিযোদ্ধাদের দাবীর প্রেক্ষিতে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর দক্ষিণ সুরমার পারাইরচকে সিলেটের সবচেয়ে বড় বধ্যভূমির স্থলে অস্থায়ী ফলকের একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। সিলেটের তৎকালীন জেলা প্রশাসক জয়নাল আবেদীনের উদ্যোগে এ ফলক স্থাপন অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবতূী জুয়েলসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক সিলেটের এই বধ্যভূমি ভবিষ্যতে সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে বলে জানান।
এদিকে গত ৪ মার্চ সিলেটের আরেকটি বধ্যভূমি সালুটিকরে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সংরক্ষণ করা হয়েছে। সেখানে গড়ে তোলা হয়েছে স্মৃতি স্তম্ভ। যার নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান’। বীর মুক্তিযোদ্ধা ডা কর্ণেল (অব) আব্দুস সালাম এবং আমেরিকা প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দিনের উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে এখানে ৬৬ জন শহীদের নাম ফলকসহ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
এছাড়া ২০২১ সালের ১৬ ডিসেম্বর সিলেটের সাবেক পুলিশ সুপার ফরিদ উদ্দিনের উদ্যোগে পুলিশ লাইনে আরেকটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়েছে।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল জৈন্তা বার্তাকে বলেন, আমরা সকল বধ্যভূমির সংরক্ষণ চাই। মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে এটি না করলে তারা কখন করবেন। আমরা এ দাবী সবখানে জানাবো।
একাত্তরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীক জৈন্তা বার্তা কে বলেন, তিনি ঢাকা থেকে মেহেরপুর হয়ে যুদ্ধ যাত্রা শুরু করেছিলেন। তিনি জৈন্তা বার্তা’কে বলেন, ক’দিন আগে মেহেরপুরে গিয়ে অবাক হয়েছি। সেখানকার প্রশাসন ৮/৯জন শহীদের স্মৃতি রক্ষার জন্য বিশাল স্মৃতিস্তম্ভসহ তিনতলা কমপ্লেক্স করেছেন। যা দেখে আমার প্রাণ জুড়িয়ে যায়। এতদিন কেন হয়নি তা বলবোনা, আমি আশা করি শীঘ্রই সিলেটে শহীদ স্মৃতি সহ মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষণের দাবী জানাই।
জৈন্তাবার্তা/জেএ




