সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জনপ্রিয় ও সম্ভাবনাময়ী হয়ে উঠেছে নাগা মরিচ চাষ। দেশের বিভিন্ন অঞ্চলে এটি ‘বোম্বাই মরিচ’ বা ‘ফোটকা মরিচ’ নামেও পরিচিত। দেখতে সাধারণ মরিচের মতো হলেও তীব্র ঝাঁজ আর ঘ্রাণের জন্য এই মরিচ সিলেট অঞ্চলে বেশ জনপ্রিয়।
তুলনামূলক কম বিনিয়োগ ও পরিশ্রমে ভালো ফলন এবং বাজারে দাম বেশি পাওয়ায় অনেকে ঝুঁকছেন নাগা মরিচ চাষে। উপজেলার পূর্ব আলীরগাঁও,পূর্ব জাফলং ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মাটি নাগা মরিচ চাষের উপযুক্ত হওয়ায় চাষীদের উদ্বুদ্ধ করছে স্থানীয় কৃষি বিভাগ।
গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর গোয়াইনঘাটে স্থানীয় উন্নত জাতের কালো নাগা মরিচ ২১৬ হেক্টর জমিতে চাষ হয়েছে।যা গতবারের চাইতে বেশি।
চলতি মৌসুমে এ অঞ্চলের চাষিরা অন্য ফসলের পাশাপাশি ব্যস্ত রয়েছে নাগামরিচ চাষে। ফসলটি লাভজনক হওয়ায় ছোট-বড় অনেক চাষি এখন নাগামরিচের চাষ করে। এই মরিচ বাণিজ্যিকভাবে এখন চাষ করা হয় গোয়াইনঘাট উপজেলাজুড়ে। ফলে গোয়াইনঘাটের বিভিন্ন অঞ্চলের চাষিরা নাগামরিচ চাষে হয়ে উঠেছেন আগ্রহী।
উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল, খলাগ্রাম, খাসমৌজা, কাকুনাখাই এলাকায় ঘুরে দেখা যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন নাগামরিচ চাষে। আর কৃষকদের সাথে সার্বক্ষণিক পরামর্শ দিতে মাঠে রয়েছেন কৃষি কর্মকর্তারাও।
বিভিন্ন বাগানে মাঝারি আকৃতির গাছে ঝুলছে সবুজ নাগা মরিচ। তীব্র ঝালের জন্য এই মরিচ বিখ্যাত। এর ঝাল এতটাই তীব্র যে, সাধারণ মানুষ না জেনে মুখে দিলে পড়তে পারেন বিপদে। পরিমাণ বুঝে খেতে হয় এ মরিচ। তবে নাগাপ্রেমীদের খাবারের থালে এক টুকরো নাগা মরিচ থাকলে তাতেই সফল হয় তাদের ভোজ।
নাগামরিচ তীব্র ঝালযুক্ত হলেও এর ঘ্রাণে রয়েছে সুগন্ধী।সিলেট অঞ্চলে এটিকে নাগামরিচ বলে। তবে অঞ্চল ভেদে এই মরিচের নাম বিভিন্ন জাতের হয়ে থাকে।
উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল এলাকার নাগামরিচ চাষি আব্দুল মতিন বলেন, তার বাগানে প্রায় আট হাজার নাগামরিচ গাছ লাগিয়েছি। তবে কিছু গাছ পুরোপুরি কখনোই টেকে না। নানা কারণে কিছু গাছ নষ্ট হয়ে যায়। চারা বেশি নষ্ট হয় বৃষ্টিপাতের ফলে। আশা করছি আমার ৮ হাজার গাছ থেকে অন্তত ৭ হাজার গাছ টিকবে। এ কৃষক আরো বলেন, প্রতি পিস নাগার দাম এক টাকা থেকে দেড় টাকা। আর বাজার ভালো থাকলে প্রতি পিস নাগার দাম পড়ে ২ থেকে ৩ টাকা। গাছগুলো ভালোভাবে পরিচর্যাসহ প্রযোজনীয় সার ও কীটনাশক দিলে একেকটি গাছে এক মৌসুমে প্রায় ২ থেকে ৪শ মরিচ ধরে। আর সাধারণভাবে অপেক্ষাকৃত যত্ন কম হলে এক মৌসুমে গাছপ্রতি ৫০ থেকে ৬০টি মরিচ ধরে। অনেক বেশি পরিচর্যা করতে হয়। তার মরিচ বাগানে ৮ হাজার নাগামরিচের গাছ থেকে এক মৌসুমে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা আয় করা সম্ভব বলে জানান কৃষক আবদুল মতিন।
গোয়াইনঘাট উপজেলার কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ (রনি) বলেন, গোয়াইনঘাটে এইবার ২১৬ হেক্টর জমিতে নাগামরিচ আবাদ হয়েছে। বাজারে ভালো দাম আছে এবং এটি রপ্তানিযোগ্য ও দীর্ঘমেয়াদি ফসল।বন্যা না আসা পর্যন্ত এ ফসলের ক্ষতির কোন সম্ভাবনা থাকে না। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আবাদ বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প থেকে মাঠ পর্যায়ে প্রদর্শনী স্থাপন করা হয়েছে। আমরা যে কোন প্রয়োজনে কৃষকদের পাশে আছি।
তিনি জানান, এর আগেও গোয়াইনঘাটে নাগামরিচ চাষ হতো তবে এতটা জনপ্রিয় ও ব্যাপক হারে ছিল না।
জৈন্তাবার্তা/এমকে




