ইনসেটে খুন হওয়া রণজিৎ সরকার।
সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের পাশ দিয়ে বয়ে যাওয়া নর্দমা থেকে বস্তাবন্দি খণ্ডিত লাশের উদঘাটন করলো পুলিশ।
জানা যায়, অটোরিকশা চালানোর সময় তর্কাতর্কির জের ধরে করা হয় এই হত্যাকাণ্ড। হত্যার পরিকল্পনা কৌশল অবলম্বন করেন অভিযুক্ত খুনি। তিনি বাসায় নিয়ে আপ্যায়নে সময় প্রথমে দা দিয়ে আঘাত করে ভিকটিমকে মাটিতে ফেলে দেন। এরপর ব্লেড দিয়ে লাশ খণ্ডিত করে ৩টি বস্তায় ভরে নর্দমার পাশে ফেলে দেওয়া হয়।
৫৮ বছরের নিহত রণজিৎ সরকার ছিলেন একজন অটোরিকশা চালক। তিনি নগরীর আখালিয়ার দুসকি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বঙ্ক সরকার।
হত্যার অভিযুক্তের নাম আব্দুল মালেক। তিনি দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার মির্জাপুর গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। কর্মসূত্রে তিনি নগরীর বাদামবাগিচা এলাকায় বসবাস করেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ বিষয়ে নিশ্চিত করে বলেন শুক্রবার থেকে রণজিৎ নিখোঁজ হলে শনিবার তাঁর ছেলে শংকর (৩৫) সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ রণজিতের সন্ধান শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ হয় রিকশাচালক আব্দুল মালেককে। আত্মীয়স্বজনদের মাধ্যমে তাঁকে খবর দিয়ে বাসায় আনা হয়। মালিক বুঝতে পারেন, তিনি ধরা পড়ে গেছেন। বাসায় ঢুকে, ‘আমি মালেক রিকশাচালক। আমি একা খুন করেছি। আমার সঙ্গে ঝগড়া করেছিল। মৃত্যুর আগে কেউ মিথ্যা বলে না। আমার মা-বোন, বউসহ পরিবারের কেউ দায়ী নয়। আমি নিজে নিজে ইচ্ছে করে চাকু দিয়ে মারা গেলাম।’ চিরকুট লিখে নিজেকে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করেন মালেক। পুলিশ তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে মালেক পুলিশের কাছে সবকিছু স্বীকার করে বক্তব্য দেন।
তিনি আরো বলেন, মালেক জানিয়েছেন, হত্যার পর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। আত্মীয়স্বজনের মাধ্যমে খবর পেয়ে বাসায় এসে দেখেন তিনি ধরা পড়ে যাচ্ছেন। তখনই আত্মহত্যার চেষ্টা চালান।
এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জৈন্তাবার্তা/জেএ




