সিলেট-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মল্লিকের মতবিনিময়।
ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়ন করতে সকল সাংবাদিকদের সহায়তা চাইলেন তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্যের প্রবাসী আইনজীবী মো. আব্দুর রব মল্লিক। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ সংসদীয় আসনে তৃণমূল বিএনপি থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন।
বুধবার বেলা ২টায় ওসমানীনগর উপজেলার তাজপুর কাশিপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে ওসমানীনগর-বিশ্বনাথে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা কামনা করেন।
এসময় আব্দুর রব মল্লিক বলেন, আমি যুক্তরাজ্যে আইন পেশায় জড়িত রয়েছি। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত পারিবারিকভাবে ওসমানীনগর ও বিশ্বনাথের উন্নয়ন কাজে নিয়োজিত আছি। এ দুই উপজেলার শিক্ষা, ক্রীড়া, যোগাযোগ, আর্থ সামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি। আমি নির্বাচিত হলে, এলাকায় প্রযুক্তিগত কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ্বমানের দক্ষ মানুষ তৈরি, নদী-খাল খনন করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন, বেকার সমস্যা নিরসনে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের প্রজন্মকে দেশে এনে বিনিয়োগ করিয়ে এবং সরকারের সহযোগীতা নিয়ে শিল্প কারখানা স্থাপন করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করবো। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আমি আপনাদের সহযোগিতা চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাফিজ সৈয়দ মাওলানা মুছলেহ উদ্দিন, সাহাব উদ্দিন সাবুল, আনহার আলী, কামরুল ইসলাম, জমশেদ আলী, ওয়াছিদ উল্লাহ, হুসমত উল্লাহ, নুর আলী প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




