বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.রফিকুল হক। ছবি: জৈন্তা বার্তা
মহান মুক্তিযুদ্ধে যখন যান তখন ছিলেন টগবগে যুবক। রক্তে যার আগুন লেগেছিলো একাত্তরে। ২৫ মার্চ পর্যন্ত সিলেটে প্রতিদিন যে লাটিমিছল হতো সে কর্মসূচি বাস্তাবায়নে সরব ছিলেন। ২৬ মার্চ থেকে হানাদারদের প্রতিরোধ যুদ্ধে নামেন। সিলেটে যারা প্রথমেই প্রতিরোধ গড়ার জন্য সংকল্প বদ্ধ হয়ে ঘর ছাড়েন তাদেরই একজন বীর মুক্তিযোদ্ধার কথা বলছি। যে পথে মুক্তির সংগ্রামে মাঠে নেমেছিলেন সে পথে বিজয় নিয়েই ঘরে ফিরেন। দেশ স্বাধীনের পরও যেন থামেনি তার যুদ্ধ। আজও লড়ছেন, সমাজের জন্য। মানুষের জন্য। মানবতার জন্য। তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.রফিকুল হক।
সিলেটের সর্বমহলে পরিচিত এই সমাজ হিতৈষীর বাড়ি দক্ষিণ সুরমার কদমতলীতে। দৈনিক জৈন্তা বার্তার এ প্রতিবেদকের সঙ্গে খোলা মেলা কথা বলেছেন এই মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক সিলেট নগরের ২৬ নং ওয়ার্ডের কদমতলী স্বর্ণশিখা (১৬১) আবাসিক এলাকায় তার পৈত্রিক নিবাস। ঐ গ্রামের মরহুম মৌলভী তবারক আলী ও মরহুমা রুফেজা খানমের পুত্র তিনি। স্ত্রী তিন সন্তান যথাক্রমে আমিনুল হক সুমন, রোকসানা শোভা, ও মো. নুরুল হক স্বপনকে নিয়ে তাঁর সুখের সংসার।
ক্যাপশম: ছবিতে ১৯৬৯ সালে বঙ্গবন্ধু সঙ্গে সিলেটের ছাত্রনেতাদের মধ্যে রফিকুল হকও ছিলেন।
জৈন্তা বার্তার সঙ্গে আলাপকালে নিজের জীবন সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক জানান, কাগজপত্রের তথ্য অনুযায়ী তার জন্ম ১৯৪৯ সালে। গোটাটিকর প্রাইমারী স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করে শেষ করেন সিলেট মদন মোহন কলেজ থেকে। ছাত্র জীবনেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ৬৯/৭০ সালে সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। ৬৬ সালে সিলেট মদন মোহন কলেজ ছাত্র সংসদের অ্যাথলেটিকস সেক্রেটারী,৬৭ সালে গেইম সেক্রেটারী, এবং পরবর্তীতে ৬৯ সালে ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। স্কুল জীবনেও তিনি রাজা জিসি স্কুলের ক্যাপ্টেন ছিলেন। ৬ দফা, ১১ দফা আন্দোলনে ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। এরই ধারাবাহিকতায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন এক দুঃসাহসিক যোদ্ধা। যে কারণে আজও মানুষ তার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শুধু বর্তমান প্রজন্ম নয় একাত্তরে যে দেওয়ান ফরিদ গাজী সিলেট অঞ্চলের মানুষকে মুক্তিযুদ্ধে সংঘটিত করেছিলেন, নেতৃত্ব দিয়োছলেন সেই নেতাও তার লেখনীতে রফিকুল হকের বীরত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন। ১৯৯৬ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত ‘জননেতা দেওয়ান ফরিদ গাজী’ নামের এক স্মারকে তিনি লিখেছেন, ২৮ মার্চ রাতে ফরিদ গাজীর সঙ্গে দেখা করেন রফিকুল হক এবং মুক্তাদির( ম আ মুক্তাদির)। তখন তারা ছাত্রনেতা। এর আগেই এই দুই ছাত্রনেতাসহ কয়েকজন ভারতের সীমান্তে গিয়ে এসেছেন। মানুষের জন্য বর্ডার খোলার কথা বলেছেন। কিন্তু ফরিদ গাজী না গেলে তারা অস্ত্র সরবরাহ করতে পারছেনা। ফলে সে রাতেই ফরিদ গাজী ইসমত আহমদ চৌধুরী, রফিকুল হক আর মুক্তাদিরকে নিয়ে রওয়ানা দেন ভারতের করিমগঞ্জের উদ্দেশ্যে। তারা সেখানে যাবার পরেই মুলত সিলেট অঞ্চলে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। এরকম বহু ঘটনার সাক্ষী এই যোদ্ধা। যুদ্ধ করতে করতে সর্বশেষ লড়াই করেন নিজ এলাকা দক্ষিণ সুরমাকে মুক্ত করতে। মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রতিরোধ করে আটককৃত ১৮ জন পাকিস্তানী আর্মি অফিসারকে ধরে জেনেভা কনভেনশনের শর্ত অনুযায়ী মিত্র বাহিনীর হাতে সোপর্দ করেন তারা।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক দেশ স্বাধীনের পর থেকে রাজনীতি সমাজসেবা সমানতালেই চালাচ্ছেন। জাসদের রাজনীতির সঙ্গে প্রতিষ্টা লগ্ন থেকে সম্পৃক্ত এই রাজনীতিবিদ সিলেটের সর্বমহলের কাছে অত্যন্ত সু পরিচিত। একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবে তাঁর রয়েছে ব্যাপক গ্রহণযোগত্যা। মাঝখানে কিছু দিন আয়কর আইনজীবী হিসেবেও তিনি নিজের কর্মজীবন পরিচালনা করেছেন। সিলেট বিভাগ আন্দোলনসহ এতদ অঞ্চলের মানুষের ন্যায়সঙ্গত সকল দাবী আদায়ে সোচ্চার এই নেতা এখন প্রায় অবসর সময় কাটাচ্ছেন। জীবনের শেষ দিনগুলো এভাবেই মানুষের সেবা করে পার করে দিতে চান মুক্তি রণাঙ্গণের এই লড়াকু সৈনিক, এমনটিই জানালেন জৈন্তা বার্তা’কে।
জৈন্তাবার্তা/জেএ




