জৈন্তাপুরে নিম্ন ও মধ্যবিত্তের পছন্দের শীতের পোষাক ‘গাইট কাপড়’।
অগ্রহায়ণ শেষে দরজায় কড়া নাড়ছে পৌষ। এর মধ্যে ডিসেম্বরের মাঝামাঝি হওয়ায় জৈন্তাপুর উপজেলা সহ উত্তর সিলেটে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করেছে।
শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কাপড়ের দোকানগুলোকে শীতের পোষাকের বিকি-কিনি দিন দিন বাড়ছে।
এদিকে জৈন্তাপুর উপজেলায় প্রতি সপ্তাহের দুই হাট বার রবি ও বুধবারে অস্থায়ীভাবে পূর্ববাজারের বসে শীতের পোষাকের দোকান। সাধারণত গার্মেন্টসের স্টকলট এবং ইউরোপ সহ বিভিন্ন দেশের ব্যবহারীত গাইট কাপড়ের বিক্রি কিনি এখানে চলে আসছে কয়েকযুগ ধরে।
পূর্ববাজারে এই রকম ২০ থেকে ২৫টি অস্থায়ী কাপড়ের দোকান বসে এই দুইদিন। সমাজের নিম্মআয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেনীর মানুষের এখান থেকে নিয়মিত শীতের পোষাক খরিদ করেন। এক একটি গাইট থেকে বিদেশী ব্যবহারীত জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, ভেষ্ট, কটি, ব্লেজার, হুডি সহ নানান ধরণের শীতের পোষাক এখানে পাওয়া যায়। কোন কোন গাইটে জ্যাকেট বেশ উন্নমানের তুলনামূলক কম ব্যবহারীত এরকম থাকে। সাধারণ শিশু, মধ্যবয়সীদের শীতের পোষাকগুলো সর্বনিম্ন ১০০ টাকা থেকে ৫০০/৬০০ টাকা কোন কোন সময় একটু ভালো মানের হলে হাজার টাকার মধ্যে পাওয়া যায়।
সাপ্তাহিক বাজারে কাপড় ব্যবসায়ী জাকির হোসেন জানান তার মুলব্যবসা গাইট কাপড়ের। সিলেট গুলিস্তান হকার্স মার্কেটে তাদের গাইট কাপড়ের দোকান আছে। প্রতি সপ্তাহে রবি ও বুধবার পূর্ববাজারের তিনি কাপড় নিয়ে বসেন। সারা বছরে শীতের মৌসুমে সবচেয়ে বেশী কাপড়ের বিকিকিনি হয় বলে তিনি জানান।
শীতের পোষাক খরিদ করতে আসা ক্রাশার মিল শ্রমিক কাউসার মিয়া বলেন, এই বছর শীত বাড়ার সাথে সাথে তিনি ও তার দুই সন্তানের জন্য জ্যাকেট কিনেছেন। তিনি বলেন আমরা নিম্ম আয়ের মানুষেরা কম দামে বেঁছে বেঁছে কাপড় কিনতে পারি এই বাজার থেকে।
কলেজ পড়ুয়া উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র সুফিয়ান জানান, প্রতিবছর এই বাজারে হাটবারে জ্যাকেট দেখতে আসেন বন্ধুরা মিলে। মাঝে মাঝে গাইট থেকে স্বপ্ল দামে মোটামুটি নতুনের মত জ্যাকেট এখানে পাওয়া যায়।
এদিকে পূর্ব বাজার ইজারাদার কর্তৃপক্ষের অন্যতম ব্যবসায়ী আবদুল করিম জানান দীর্ঘ কয়েকযুগ থেকে প্রতি হাটবারে গরু ছাগলের বাজারের সন্নিকটে ব্যবহারীত কাপড়ে এই দোকান গুলো বসে। শীতের মৌসুম এলে এইসব দোকান গুলোতে বিকিকিনি পরিমান বৃদ্ধি পায়। তাছাড়া নতুন জ্যাকেট সোয়েটার বিপনি বিতান গুলো থেকে সাধারণ মানুষ যে দামে ক্রয় করে তার থেকে তিন চার গুন কম মূল্যে গাইটের কাপড়গুলো এই বাজারে বিক্রি হয়।
জৈন্তাবার্তা/জেএ




