বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।
মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান-স্বীকৃতি সব কিছুতেই সন্তুষ্ট এক বীরের নাম ভবতোষ রায় বর্মন। যাকে অনেকেই রানা বাবু’ নামেই চিনেন। যুদ্দ দিনের স্মৃতি রোমন্থন করতে গিযে বললেন, তাঁর এক সহযোদ্ধার ছিলো আব্দুল মান্নান। যার রক্তে একাত্তরে তাঁর কোল ভিজেছে। কিছুতেই তিনি তার এই সহযোদ্ধাকে ভুলতে পারেন না। যে তাকে ভাত এনে খাওয়াতো। সেই মানুষটির রক্তে তার কোল ভিজেছে - এখনও মনে হলে আঁতকে উঠেন। বলেন এত সহজে দেশ স্বাধীন হয়নি। তেপ্পান্ন বছরে ভূলতে পারিনি আব্দুল মান্নানের স্মৃতি। পাইনি তার পরিবারের সন্ধান। এ বেদনা আমাকে বড় বেশী কষ্ট দেয়। বিজয়ের মাসে কেমন আছেন এই বীর মুক্তিযোদ্ধা- তাঁর খোঁজ নিতে গেলে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ প্রতিবেদকের কাছে।
সিলেটের মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে এক আপন মানুষের নাম ভবতোষ রায় বর্মন। সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন তিনি। একাত্তরের মুক্তি রনাঙ্গণেও ছিলো তার গৌরবোজ্জল ভূমিকা। অনেকের কাছে তিনি ‘রানা বাবু’ বলেই পরিচিত। সবার সুখে দু:খে পাশে থাকার চেষ্টা করেন। তিনি এক সময় সরকারী চাকুরী করতেন। অবসর জীবনে এখন সাংস্কৃতিক কর্মকান্ড আর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর পাশেই কাটান অবসর সময়।
ভবতোষ রায় বর্মন শুধু একজন মুক্তিযোদ্ধাই নন। সিলেটের একটি স্বনামখ্যাত সংস্কৃত বান্ধব পরিবারে তাঁর জন্ম। সিলেটের সুপরিচিত কন্ঠশিল্পী চন্দ্রাবতী রায় বর্মন এর সন্তান তিনি। পিতা ভারত চন্দ্র রায় সরকারী চাকুরী করতেন। নিজেও সড়ক বিভাগে চাকুরী করেছেন। মুল বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জে কালাগুজা গ্রামে। তবে সিলেটে তাঁর জন্ম ও বেড়ে উঠা। ১৯৫০ সালে জন্ম নেয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় যখন কিশোর বয়সে চাকুরীতে যোগ দেন এরপরই শুরু হয় হয় যুদ্দের দামামা। ১৯৬৭ সালে চাকুরীতে যোগ দেন আর ২০১৪ সালে অবসর নেন। চাকুরী জীবনেও সাংস্কৃতিক পরিমন্ডলে তার সদর্প বিচরণ ছিলো। বর্তমানেও শিল্পকলায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী প্রণতি বর্মণ, ছেলে রাজিব রায় বর্মন মেয়ে প্রিয়াশ্রী রায় বর্মনকে নিয়ে তাঁর সুখি পরিবার। নিজের অবস্থান, পরিবার,নিজের ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সন্তুষ্ট।
মুক্তি সংগ্রামের এক দীর্ঘ গল্প যেন তাঁর ঝুলিতে জমা। এর মধ্যে খুব সংক্ষেপে তিনি তার সংগ্রাম মুখর জীবনের বর্ণনা দেন জৈন্তা বার্তা’র কাছে। বললেন, ১৯৭১ সালের ২৫ মার্চ সিলেটে বিশাল লাটি মিছিল হয়। সে মিছিলে তিনি ছিলেন। অন্যদের মধ্যে নেতৃত্বে ছিলেন ৭০ এর নির্বাচনে বিজয়ী এমপি আব্দুল মালিক। এর দুদিন পর থেকেই সিলেট নগরে ক্ষণে ক্ষণে গুলির শব্দে প্রকম্পিত হতো বিভিন্ন এলাকা। একবার তারা কয়েকজন সে সময় ইলেকট্রি সাপ্লাইর সড়কে কাট-বাম দিয়ে ব্যারিকেড দিয়েছিলেন। এরপর স্বান্ধ্য আইন জারী হয়। তখন পাকিস্তানীরা আক্রমন করতে এই আশংকায় দুই দিন,দুই রাত খাটের নিচে থেকেছেন পরিবার নিয়ে। পরে সেখান থেকে মার্কুলী হয়ে বাড়ি গেছেন। জামালগঞ্জ থেকে বালাট সীমান্ত দিয়ে পরিবার পরিজন নিয়ে ভারতে আশ্রয় নেন। কিন্তু দেশের অবস্থা দিন দিন ভাবিযে তুলে তাকে। এক পর্যায়ে সেখানে ক্যাম্পে নাম লেখান মুক্তির খাতায়। ৩৫ দিনের টেনিং শেষে ক্যাপ্টেন রাও এর নেতৃত্বে ৩৫ জনের একটি দলে করে তামাবিল আসেন। কোম্পানী কমান্ডার ছিলেন রফিকুল ইসলাম। তাদের সাব সেক্টর কমান্ডার ছিলেন জিল্লুর রহমান। তাঁর সঙ্গে থাকা মুক্তিযোদ্ধাদের কয়েকজনের মধ্যে মফজিল আলী,আব্দুল মান্নানদের কথা মনে আছে, বরে জানালেন। সঙ্গে থাকাদের বেশীর ভাগের বাড়ি হবিগঞ্জ,নবীগঞ্জ ছিলো-এমন তথ্যও যোগ করেন তিনি।।
এখানে াবস্থান কালীন এক সম্মুখ যুদ্ধে তাঁর সঙ্গী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভবতোষ রায় বলেন, যে ক’দিন মুক্তি সংগ্রামের মাঠে ছিলাম এই আব্দুল মান্নান-ই আমাকে খাবার এতে দিত। আমাকে গিয়ে আনতে দিত না। আর গুলিবিদ্ধ হওয়ার পর আমার কোলেই মাথা রেখে সে মারা যায়। তার রক্তে আমার কোল ভিজেছে। আজও আমি তাকে ভুলতে পারিনি। সবচেয়ে বড় আক্ষেপ তাঁর পরিচয় আজও পাইনি। শুধু জানতাম তার বাড়ি নবীগঞ্জে। আমরা রাধানগর বাগানেই তাঁকে দাফন করে আসি। তাঁর কথা মনে হলে আমার মনটা ভীষণ খারাপ হযে যায়-বলেই ভবতোষ রায়ও থমকে যান কিছুক্ষণ। যেন কথা বলতে পারছিলেন না। আমি থেমে যাই তাকে প্রশ্ন করা থেকে।
এখন চাওয়াটা কী? জানতে চাইলে তিনি বলেন আমার এখন মুল দাবী মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো সংরক্ষণ করা হােক। বধ্যভূমিগুলো চিহ্নিত হয়েছে। এগুলো সংরক্ষণ করে স্মৃতি রক্ষায় কিছু একটা করা হোক। নতুবা মুক্তিযোদ্ধারাও থাকবেন না। আর আসল ইতিহাসও কেউ জানবেনা।
বললেন অনেক কথা, অনেক ইতিহাস। কোনটা রেখে কোনটা বলব। সময় সুযোগে আরেকদিন কথা হবে।
জৈন্তাবার্তা/জেএ




