মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণেও গড়িমসি।
মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধার কথা - ১৫
★সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছেনা, নানা অজুহাতে সময় পার
দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে যখন তারা যান তখন কোনো মুক্তিযোদ্ধা ভাবেননি, দেশ শত্রুমুক্ত হবে, স্বাধীন মানচিত্র আসবে। থাকবে নিজস্ব পতাকা, তিল তিল করে বিশ্বের মানচিত্রে স্ব মহিমায় নিজেকে উপস্থাপন করবে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের এ বাংলাদেশ। কখনও ভাবেননি স্বাধীন দেশে তারা এতো মর্যাদা আর সম্মান পাবেন। রাষ্ট্রীয় সম্মানীর পাশাপাশি তাদের স্মৃতি ধরে রাখতে সরকারী উদ্যোগ থাকবে একের পর এক। আর সে ধরণের একটি উদ্যোগ মুক্তিযোদ্ধাদের নামে বিভিণ্ন সড়ক আর প্রতিষ্টানের নামকরণ।
২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর সারাদেশে জেলা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসে। বিভিন্ন স্থানে সড়কের নামকরণের সিদ্ধান্ত হয় বিভিন্ন মুক্তিযোদ্ধার নামে। কিন্তু সিদ্ধান্তেই আটকে আছে মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামককরণের বিষয়টি। এতে মুক্তিযোদ্ধাদের মাঝে এক ধরণের আক্ষেপ বিরাজ করছে।
এমনটি বললেন সিলেটের বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক।
তিনি জৈন্তা বার্তা’কে বলেছেন, সরকার আন্তরিক থাকলেও স্থানীয় পর্যায়ে যারা কাজ করছেন তাদের আন্তুরিকতায় অনেক ঘাটতি রয়েছে। যার ফলে নগরে কিংবা গ্রামে মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের বিষয়টি গুরুত্ব কম পাচ্ছে। ফলে এ যাবৎ কোনো সড়কই উদ্বোধন হয়নি। সিলেটের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পর্কে খোঁজ নিতে গেলে রফিকুল হক এমনটি জানান জৈন্তা বার্তাকে।
জৈন্তা বার্তার অনুসন্ধানে এরকম কয়েকটি ঘটনার সত্যতা পাওয়া গেছে। সরকারী নির্দেশের পর বিভিন্ন উপজেলা পরিষদের সমন্বয় সভায় মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সমন্বয় সভায় ২০১৯ সালেরর এক সভায় এরকম কয়েকটি সিদ্ধান্ত হয়। ইলাশ পুর পয়েন্ট হইতে রত্না নদী পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী,, বীর মুক্তিযোদ্ধা আজমল আলীর নামে নামকরণ দিনপুর আটঘর থেকে হাওরমুখি রাস্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের নামে নাম করণের সিদ্ধান্ত হয়। পশ্চিম যুদিষ্টিপুর বীর মুক্তিযোদ্ধা মো. মনির আলীর নামে, দিনপুর সরকারী পুকুর পার থেকে দক্ষিণমুখি দাসপাড়া রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা মনাফ মিয়ার নামে নামকরণ, পশ্চিম এশিয়ান হাইওয়ে থেকে আনু মিয়া মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তা বীর মুক্তিযোদ্ধা তারা মিয়ার নামে নাম করণের সিদ্ধান্ত নেয়া হয় ।
গতকাল খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা পরিষদের সেই সিদ্ধান্তগুলো আজও ফাইলবন্দি অবস্থাতেই আছে। ঐ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে মুক্তিযোদ্ধারা যোগাযোগ করেও কোনো সদুত্তর পাচ্ছেননা।
অনুরূপ ঘটনার আরেকটি তথ্য মিলেছে গোলাপগঞ্জ উপজেলারও। সেখানে গত বছর উপজেলা পরিষদের সমন্বয় সভায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীকের নামে ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামের একটি রাস্তা এবং বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার নামে বাঘা গ্রামের একটি রাস্তা নামকরণের সিদ্ধান্ত হয়। কিন্তু অদ্যাবদি এব্যাপারে উপজেলা প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
শুধু উপজেলা পর্যায় নয়, মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন প্রতিষ্টানের এবং সড়কের নামকরণ নিয়ে সিলেট নগরের মুক্তিযোদ্ধাদের মাঝেও রয়েছে নানা ক্ষোভ।
সিলেট সিটি কর্পোরেশনের বিগত পরিষদের সভায় কয়েকটি প্রতিষ্টান এবং সড়কের নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ,বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম, বীর মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদির, শহীদ আলকাছ, মুক্তিযেুদ্ধের সংগঠক আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হকের নামে কয়েকটি সড়ক নামকরণের সিদ্ধান্ত নেয় সিলেট নগর কর্তৃপক্ষ।
বিজয়ের মাসেও এ ব্যাপারে সিসিকের কোনো উদ্যোগ লক্ষা করা যায়নি। করে নাগাদ এসব সড়কের নামকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কেউই সঠিক ভাবে বলতে পারছেন না।
এ প্রসঙ্গে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন গতকাল জৈন্তা বার্তা’কে বলেন এ বিষয়টি খুবই দুঃখজনক। যারা বিভিন্ন স্থানে নেতৃত্বে আছেন তাদেরকেই এসব সিদ্ধান্ত কার্যকরে ভূমিকা রাখতে হবে।
জৈন্তাবার্তা/জেএ




