সিলেটে বিনামূল্যে ৩৭২ রোগীর ছানি অপারেশন সম্পন্ন।
যুক্তরাজ্য ভিত্তিক দাতা সংস্থা মুনতাদা এইডে এবং স্বেচ্ছাসেবী সংগঠন আমানের উদ্যোগে সিলেট জেলার পাঁচ উপজেলার মোট ৬৫০ জন দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। ১৩ ডিসেম্বর পর্যন্ত মোট ৩৭২ রোগীর ছানি অস্ত্রোপচার করা হয়েছে। বাকি রোগীদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিলেটের ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়।
গোয়াইনঘাটের রোগী মোঃ মঈন উদ্দিন (৬৪) বলেন, ‘দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলাম, এ সমস্যার কারণে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। অপারেশনের ফলে আমি এখন ঠিকমতো দেখতে পাচ্ছি এবং নড়াচড়ার সমস্যা নেই। ধন্যবাদ মুনতাদা এইড এবং আমান।
বিয়ানীবাজার উপজেলার সুলতানপুরের রোগী নিলা খাতুন (৫৫) বলেন, দীর্ঘদিন ধরে আমার চোখে সমস্যা, ঠিকমতো দেখতে পাচ্ছি না, তাই বাইরে যেতে পারিনি, কুরআন পড়তে পারিনি। আলহামদুলিল্লাহ, অপারেশনের পর এখন আমি ঠিকমতো দেখতে পাচ্ছি, কুরআন শরীফ পড়তে পারছি।’ তিনি মুনতাদা এইড ও আমানকে ধন্যবাদ জানান।
স্বেচ্ছাসেবী সংগঠন আমানের প্রতিনিধি মোঃ সরাফাতুর রহমান জানান, আমান দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। ছানি অপারেশন প্রোগ্রাম স্বেচ্ছাসেবী কাজের একটি ধারাবাহিকতা।
জৈন্তাবার্তা/জেএ




