সিলেট তামাবিল মহাসড়কে দুইটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো একজন। নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার ২ নং লক্ষিপুর গ্রামের নুরু মিস্ত্রির ছেলে শাকিল আহমেদ ইমন (৩০) ও গোয়াইনঘাট উপজেলার জাফলং শান্তিনগর ( মুজিবনগর) এলাকার আবদুল মতিনের ছেলে আল আমিন (২৫)। আহত অপর ব্যাক্তি সাইদুল ইসলাম। তার বাড়ী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ইসলামপুর গ্রামে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ই ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে এগারো ঘটিকায় তামাবিল বিজিবি ক্যাম্প সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়কের দক্ষিণ পাশে দুইটি মটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বাইক আরোহী নিহত ইমন (সিলেট - ল - ১১-৮৯৬৩) বাইক নিয়ে ৪ নং বাংলা বাজার থেকে জাফলং যাচ্ছিলো। অপর দিকে নিহত আলআমিন তামাবিল থেকে নলজুরীর উদ্দেশ্যে বাইক ( সিলেট ল- ১২-৬৯০৫) নিয়ে আসার সময় পথিমধ্যে উভয়ের বাইকে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রূত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষনা করে।
অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আল আমিন ও সাইদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলআমিনকে মৃত ঘোষনা করেন। আহত অপর ব্যাক্তি সাইদুল ইসলাম বর্তমানে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন।তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানায় চিকিৎসক। তিনি নিহত আলআমিনের বাইকের আরোহী ছিলেন।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ জাহিদ হাসান দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দূর্ঘটনা কবলীত মোটরবাইক দুইটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জৈন্তাবার্তা/এমকে




