ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলা বর্ষায় পানিতে চারদিকে টইটুম্বুর হয়ে যায়। তখন গরু মাঠে চড়ানো জায়গা না থাকায় বর্ষায় দেখা দেয় গো-খাদ্যের অভাব। আর এ অভাব পূরণের বিকল্প হিসেবে শুকনো খড় বাড়িতে তুলে রাখেন কৃষকরা। শুকানো খড় ঘরে তুলতে পারলে বর্ষায় গো-খাদ্য নিয়ে চিন্তা করতে হয় না কৃষকদের। অন্যথায় বর্ষায় গো-খাদ্য নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় তাদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন ধানের ভালো ফলনের পর গো-খাদ্য সংগ্রহ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন উপজেলার কৃষকরা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধান শুকানোর পাশাপাশি খড় শুকাতে কৃষকদের কর্মযজ্ঞ। অগ্রহায়নের মিষ্টি রোদে আমন মাঠে ও গ্রামীণ সড়কে ধান গাছের কাঁচা খড় শুকাচ্ছেন কৃষকরা। দিনভর খড়ের এপিঠ-ওপিঠ শুকিয়ে কেউ কেউ খলায় খড়ের গাদা দিয়ে রাখছেন। একসময় এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা। আবার অনেককেই দেখা যায় বাড়ির আঙ্গিনায় উৎসবের আমেজ নিয়ে বড় বড় খড়ের ফেন দিয়ে রাখতে। কেউ আবার এসব খড় ছাউনি বানিয়ে রাখছেন। খলায় মাড়াইকৃত ধান শুকানোর পাশাপাশি কৃষকরা এখন গো-খাদ্য সংগ্রহের ব্যস্ত সময় পার করছেন। তারা পাকা ধানের মাড়াইকৃত কাঁচা গাছের অংশ শুকিয়ে বাড়ির আঙ্গিনায় খড়ের গাদা দিয়ে উঁচু করে জমা করে রাখছেন কৃষকরা।
জানা যায়, বন্যার সময় হাওরের সম্পূর্ণ ফসলের মাঠ তলিয়ে গেলে দেখা দেয় গো-খাদ্য সংকট। বিশেষ করে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই চার মাস কৃষক কে গো-খাদ্য সংকটে ভোগতে হয়।
অনেকেইে তখন বাধ্য হয়ে কম মূল্যে বিভিন্ন হাট-বাজারে নিজেদের পালন করা পশু বিক্রি করতে বাধ্য হন। এবার গোয়াইনঘাটে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ঘরে তুলে স্বস্তিতে প্রতিটি কৃষক পরিবার। এখন খড় শুকানো নিয়ে কৃষকদের পাশাপাশি কৃষাণীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন৷
নওয়াগাঁও গ্রামের কৃষক আরব আলী বলেন,বর্ষাকালে মানুষের খাদ্যের চাইতে গরুর খাদ্য নিয়ে ভুগতে হয় বেশি।মানুষের খাদ্য বাজারে কিনতে পাওয়া গেলেও গরুর খাদ্য তখন ক্রয় করা কঠিন হয়ে পড়ে। কিনতে পাইলেও চওড়া দামে কিনতে হয়।
তিনি এবছর ১০ কেয়ার জমি চাষ করেছিলেন। ভালোভাবে ধান উঠেছে তার গোলায়। ঘরে ৪টি গরু আছে। বর্ষাকালে খড়ই গরুর খাদ্যের একমাত্র ভরসা। তাই তিনি নিজেই খড় শুকানো কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিন টানা রোদ থাকায় খড় শুকাচ্ছেন বলে তিনি জানান। তিনি আরো বলেন, বাড়ির আঙিনায় খড় নিয়ে যেতে পারলেই হল। বর্ষায় গরুর খাদ্যের জন্য চিন্তা করতে হবে না।
আরেক কৃষক জালাল উদ্দীন বলেন, ধান ঘরে তুললেই অগ্রহায়ন শেষ হয়ে যায় না, বর্ষায় গরুর খাদ্যের সংকট দূর করতে খড়ের ওপর নির্ভর করতে হয়। তাই এখন ধান শুকানোর পাশাপাশি খড় শুকিয়ে সংগ্রহ করছি। আশা করছি ভালোভাবেই খড়ও সংগ্রহ করতে পারবো। গরুর খাবারের জন্য এবার বর্ষায় চিন্তা করতে হবে না।
আবার কিছু কিছু কৃষক যাদের গরু নেই তারা মাঠেি নগদে খড় বিক্রি করে দিচ্ছেন কেউ কেউ আবার মজুদ করে রাখছেন বর্ষায় চওড়া দামে বিক্রি করার জন্য।
এম সি




