শেষ পর্যায়ে ক্বীন ব্রিজের সংস্কার কাজ: শীঘ্রই তারিখ নির্ধারণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শেষ পর্যায়ে ক্বীন ব্রিজের সংস্কার কাজ: শীঘ্রই তারিখ নির্ধারণ

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২০/১২/২০২৩ ০৭:২৫:৩৭ পূর্বাহ্ন

শেষ পর্যায়ে ক্বীন ব্রিজের সংস্কার কাজ: শীঘ্রই তারিখ নির্ধারণ

সংস্কার কাজের পর সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ।


★চলবে না তিন চাকার অধিক যানবাহন

অবশেষে আশার বাণী শুনালো সওজ। দীর্ঘ ৪ মাস পর জনসাধারণের জন্য শীঘ্রই উম্মুক্ত হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ। আজকের প্রধানমন্ত্রীর জনসভার পর তারিখ নির্ধারণ করা হবে বলে নিশ্চিত করেছে সিলেট সড়ক ও জনপথ বিভাগ। 

রেলওয়ের সেতু বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট কিনব্রিজ মেরামত, নবায়নসহ নির্মাণকাজের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস ব্রিজের ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এরপর পথচারীদের চলাচল বন্ধ করতে সেতুটির দুই পাশে দেয়া হয় টিনের বেড়া। সংস্কারের জন্য ব্রিজটি বন্ধের সাড়ে ৪ মাস পার হয়েছে। কথা ছিল কাজ শুরুর পর দুই মাসে সংস্কার শেষ হবে। বাস্তবে ৪ মাস পর ক্বীন ব্রিজে মূল কাজ এখন শেষ পর্যায়ে। এর আগে সড়ক ও জনপদের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে গত ০৬ ডিসেম্বর সওজের তোপখানাস্থ কার্যালয়ে এক সভায় বলেছিলেন, ১৬ ডিসেম্বর ক্বিনব্রিজ সর্বসাধারণের জন্য খোলে দেয়া হবে। তবে কোনো ভারী যানবাহন চলাচল করতে দেয়া হবে না। কিন্তু ১৬ ডিসেম্বর গিয়েও আজ ২০ ডিসেম্বর কিন্তু ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ খুলার কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানা যায়, ২০২০ সালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সমন্বয় সভায় আলোচনা উঠে আসে ক্বীন ব্রিজ। সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিন সদস্যের কমিটিও করে দেওয়া হয়। পরে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারে মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সিলেট সড়ক ও জনপথ (সওজ)। ওই বছরের জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু জটিলতার কারণে এতোদিন আটকে ছিল সংস্কার কাজ।  

সিসিক সূত্র জানা যায়, সেতুটি নড়বড়ে হয়ে পড়লে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর দুই প্রান্তে লোহার বেষ্টনী দিয়ে সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সিসিক। কেবল পায়ে হেঁটে পার হওয়ার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নাগরিকদের প্রতিবাদের মুখে ৫২ দিন পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। 

এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, কিনব্রিজের সংস্কার কাজ শেষ পর্যায়ে। ২০ ডিসেম্বর আজকের প্রধানমন্ত্রীর সিলেটের জনসভার পরে একটি তারিখ নির্ধারণ করে আমরা ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেব। তবে এই ব্রিজটি শুধু পায়ে হেঁটে চলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কারণ এই ব্রিজটির সংস্কার করতে গিয়ে দেখা গেছে এটি আর যান চলাচলের উপযোগী করা যাবে না। এই ব্রিজ দিয়ে এখন যান চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই ঐতিহ্যবাহী এই ব্রিজকে টিকিয়ে রাখতে এবং জননিরাপত্তার স্বার্থে এই ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হবে।

তিনি বলেন, এর আগেও ব্রিজকে টিকিয়ে রাখেতে ও নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হলেও নানা কারণে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। তবে এখন সবাইকে বুঝতে হবে। ব্রিজটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখন যদি এই ব্রিজে কোনো দুর্ঘটনা হয় তখন এর দায়ভার আমাদেরকে নিতে হবে। তাই ব্রিজটি শুধুমাত্র পায়ে হাঁটার জন্য উন্মুক্ত করা হবে। এখন যদি জনগণের প্রয়োজন বেশি হয় তাহলে এই ব্রিজের পাশে আরেকটি ব্রিজের তৈরির প্রস্তাব করা যেতে পারে। কিন্তু কোনো ভাবেই জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না।

তিন চাকার অধিক যানবাহন যাতে ব্রিজে ওঠতে না পারে সে জন্য দু'পাশে মজবুদ লোহার বেষ্টনী নির্মাণ করা হবে। 

উল্লেখ্য, ব্রিটিশ আমলে আসাম প্রদেশের গভর্ণর ছিলেন মাইকেল ক্বিন (১৯৩২ থেকে ১৯৩৭) সিলেট সফরে আসতে চাইলে সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন। ফলে, রেলওয়ে বিভাগ ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে ১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।গভর্নর মাইকেল ক্বিনের নামে এই সেতুর নামকরণ করা হয় ক্বিন ব্রিজ। ক্বিন ব্রিজ লোহা দিয়ে তৈরী। এর আকৃতি ধনুকের ছিলার মত বাঁকানো। এই ব্রিজটির দৈর্ঘ্য ১১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক