ঐতিহ্য টিকিয়ে রাখতে ক্বীন ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ। ছবি : জৈন্তা বার্তা
দীর্ঘ চার মাস অপেক্ষার পর প্রধানমন্ত্রীর জনসভার দিন (২০ ডিসেম্বর) মিছিল ও নেতাকর্মীদের সভাস্থলে উপস্থিত হওয়ার রাস্তা সহজতর করার জন্য বুধবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছিলো সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ। সেদিন থেকেই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেছিলো হাজারো পথচারীসহ অসখ্য যানবাহন। তার ঠিক একদিন পরেই পূর্ব ঘোষণা অনু্যায়ী ব্রিজের নিরাপত্তাজনিত কারণে গাড়ি চলাচল বন্ধের জন্য ক্বীন ব্রিজের প্রবেশমুখ লোহার পিলার স্থাপন করা হয়।
সওজ সূত্রে জানা গেছে, ব্রিজটি শুধু পায়ে হেঁটে চলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কারণ এই ব্রিজটির সংস্কার করতে গিয়ে দেখা গেছে এটি আর যান চলাচলের উপযোগী করা যাবে না। এই ব্রিজ দিয়ে এখন যান চলাচল করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই ঐতিহ্যবাহী এই ব্রিজকে টিকিয়ে রাখতে এবং জননিরাপত্তার স্বার্থে এই ব্রিজে যান চলাচল বন্ধ রাখা হবে।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে ক্বীন ব্রিজের দক্ষিণ পাড়ে লোহার পিলার স্থাপন করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, সিলেটের ঐতিহ্য এই ব্রিজকে টিকিয়ে রাখেতে ও নিরাপত্তার স্বার্থে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রিজটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখন যদি এই ব্রিজে কোনো দুর্ঘটনা হয় তখন এর দায়ভার আমাদেরকে নিতে হবে। তাই ব্রিজটি শুধুমাত্র পায়ে হাঁটার জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন যদি জনগণের প্রয়োজন বেশি হয় তাহলে এই ব্রিজের পাশে আরেকটি ব্রিজের তৈরির প্রস্তাব করা যেতে পারে। কিন্তু কোনো ভাবেই জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না।
জৈন্তাবার্তা/জেএ




