নির্বাচনী প্রচারকালে সিলেট-১ আসনের নৌকার প্রার্থী ড. এ কে মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘তদবিরের অভাবে সিলেটের অনেক অনুমোদিত প্রকল্পের কাজও আটকে আছে। তিনি বলেন, ‘তদবির ছাড়া আমাদের দেশে কোনো কাজ হয় না। সারাক্ষণ তদবির করতে হয়।’
গত বৃহস্পতিবার সিলেট নগরের ১ নম্বর ওয়ার্ডে হযরত শাহজালাল (র.)-এর মাজার সংলগ্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারকালে সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতৃত্বে পরিপক্বতার অভাব রয়েছে বলেও এ সময় তিনি মন্তব্য করেন।
নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল আনোয়ার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুফতি খাবির প্রমুখ।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তদবিরের পাশাপাশি আরকেটি বড় সমস্যা হলো কিছু অসৎ সরকারি কর্মচারী। সবাই যে অসৎ এমন নয়।
তবে অনেকেই অসৎ আছে। যেমন পাসপোর্ট অফিসে যান, দেখবেন মানুষকে অনেক হয়রানি করা হচ্ছে। আগামীতে ক্ষমতায় এলে আমরা হয়রানি বন্ধ করব।’
ফের নির্বাচিত হলে সিলেটের উন্নয়নে কী করবেন এমন প্রশ্নে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘কাজের তো অভাব নেই। আমার ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় দরকার, আমার নদী ভাঙন বন্ধ করা দরকার, নগরে রিং রোড দরকার, ড্রেজিং আরো ভালো করা দরকার, রেলওয়ে লাইন আধুনিকায়ন করা দরকার, এটা অনুমোদন হয়েছে।
আমাদের পানি দরকার। সিলেটে একটি ওয়াসা অনুমোদন হয়েছে। সিলেট উন্নয়ন করপোরেশন দরকার। কাজের তো শেষ নেই। সবচেয়ে বড় হচ্ছে এখানে কর্মসংস্থান তৈরি করা খুব প্রয়োজন।’
সিলেটে চাকরির খুব অভাব জানিয়ে তিনি বলেন, ‘এ কারণে অনেক লোক অবৈধভাবে বিদেশ যাচ্ছে। চাকরির অভাব কারণ এখানে কোনো কলকারখানা নেই। সিলেটে গ্যাস আছে। কিন্তু ব্যবসায়ীরা গ্যাস পেতে অনেক বিড়ম্বনা পোহাতে হয়। এই বিড়ম্বনা আগামীতে দেখতে চাই না। সিলেটের লোক টাকা জমাবে ব্যাংকে কিন্তু ঋণ পায় না। ঋণ ছাড়া কখনো ব্যবসা হয় না। এই সব অনেক কাজ আছে। এগুলো করতে হবে।’
মন্ত্রী এ সময় আক্ষেপ করে বলেন, ‘আমাদের এখানে ওয়াইফাই সিটি হয়েছে। কিন্তু যেমনটি আমি চেয়েছি সেরকম হয়নি। আমাদের তারবিহীন শহর গড়ার কাজও আটকে আছে। যদিও এটি অনুমোদিত প্রকল্প।’
কোনো সংঘাত চান না জানিয়ে ড. আব্দুল মোমেন বলেন, ‘আমরা সংঘাত চাই না। আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই।’
নৌকা বাংলার জনগণের আস্থার প্রতীক দাবি করে তিনি বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক। তাই আগামী ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ দলে দলে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবে। বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমুন্নত রেখে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।’
জৈন্তাবার্তা/জেএ




