মুক্তিযোদ্ধ শহীদ সোলেমান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখে বীরের বেশেই দেশে ফিরেছিলেন সিলেটের বীর মুক্তিযোদ্ধা শহীদ সুলেমান। ভারতীয় ছত্রিসেনাদের বিমানে তাদের তত্বাবধানে সোলেমানসহ আমরা নামি দুবড়ির হাওরে। সেখানে প্রথমে আমাদেরকে একটি সুড়ঙ্গে তৈরী করা গর্তে রাখা হয়। সেখান থেকে রাতে প্রত্যেক ছাত্রনেতাদের দুজন করে সিলেটে শহরের বিভিন্ন এলাকায় ভাগ করে দায়িত্ব দেয়া হয়। যাতে আমরা দিনে শহর ঘুরে রাতে ইনফরমেশন নিয়ে ফিরি। এবং পরে যাতে ছত্রি সেনারা কমান্ডে হামলা করতে পারেন পাকিস্তানী আর্মিদের অবস্থানস্থলে। আমি (লামা) সদর ভাইসহ অনেকেই ফিরলেও সে রাতে ফিরেনি আমাদের সহযোদ্ধা সোলেমান। আমরা খোঁজ পাই তাকে শিবগঞ্জ টিলাগড়ের দিকে দায়িত্ব দেয়া হয়েছিলো। এমসি কলেজের বর্তমান প্রধান ফটকের উলোট দিকে পাড়ার গলিমুখে পেয়ে পাকিস্তানী আর্মিরা তাকে ঘটনাস্থলেই মেরে ফেলে। সোলেমানের সঙ্গে একটি এসএলআর দেয়া হয়েছিলো। এরপর আমরা সোলেমানের খোজ পাইনি। তাঁর লাশ কি হয়েছে সেটিও জানতে পারিনি।
কথাগুলো বললেন একাত্তরের সময়কার তুখোড় ছাত্রনেতা মকসুদ ইবনে আজিজ লামা। তিনি বললেন সোলেমানের সঙ্গে সম্ভবত ছানাওরকেও দেয়া হয়েছিলো। ছানাওর আরও ভালো বলতে পারবেন। আমাকে আর সদর ভাইকে দায়িত্ব দেয়া হয়েছিলো কালিঘাট ,ডাক বাংলা, তোপখানা, শেখঘাট, লামাবাজার সহ আশপাশ এলাকার খবর দিতে। আমরা তখন ধারণা করেছিলাম সোলেমানের হাতে অস্ত্র পেয়েই সম্ভবত পাকিস্তানী আর্র্মিরা তাঁকে প্রাণে মেরেছিলো। অথবা সোলেমানও তাদের উপর আক্রমনের প্রস্তুতি নিয়েছিলো। কারণ বলেন শহীদ সোলেমান খুবই সাহসী ছিলো। সিলেটে ছাত্র আন্দোলনেও তারঁ প্রচুর ভূমিকা ছিলো।
বিভিন্ন ইতিহাস গ্রন্থ এবং তথ্যসূত্র থেকে জানা গেছে, শহীদ সোলেমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে প্রাণ উৎসর্গকারী একজন বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা। সিলেট অঞ্চলের শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি অন্যতম। শহীদ সুলেমান ১৯৫০ সালের ১লা ফেব্রুয়ারি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তৎকালীন ছোটদিঘলী (বর্তমান: শহীদ সুলেমান নগর) গ্রামে জন্মগ্রহণ করেন। আব্দুল ওহাব ও খয়রুন নেছা খাতুনের আট সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর পিতা আব্দুল ওহাব সিলেট শহরের রসময় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। শহীদ সুলেমান বিশ্বনাথ উপজেলার তালিবপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনের পর তার পিতা দুষ্কৃতকারীদের হাতে নিহত[ হলে কিছুদিন পড়াশোনা বন্ধ থাকে তাঁর। পরবর্তীতে তিনি তাঁর মাতুলালয় মৌলভীবাজার জেলার কুলাইড়া উপজেলার বরমচালের বরমচাল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৬৬ সালে ১ম বিভাগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি সিলেটের এম. সি. কলেজ থেকে ১৯৬৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মদন মোহন কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হন। এই শহীদের নামে সিলেটে নানা উদ্যোগ ও প্রতিষ্ঠান রয়েছে। স্বাধীনতা লাভের পর সিলেটের দরগাহ গেটের ঐতিহ্যবাহী সোলেমান হল শহীদ সোলেমানের নামেই নামকরণ হয়েছে। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর এই মূল সভাকক্ষটির নাম ছিলো ‘জিন্নাহ হল’। তা পরিবর্তন করে ‘শহীদ সুলেমান হল’ রাখা হয়েছে। সেটি ছিলো সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তন। পাকিস্তান আমলে এর নাম ছিল জিন্নাহ হল। বিজয়ের পর সেদিনের কথা আমার মনে পড়ে, তবে স্থানটা স্মরণ করতে পারছি না। সম্ভবত ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ বা মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণ হবে। ছাত্রজনতার সভায় দাবি উঠল, জিন্নাহ হলের নাম শহীদ সোলেমানের নামে রাখতে হবে। সে সময় সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ছিলেন আল ইসলাহ সম্পাদক প্রবীণ সাহিত্যিক মুহম্মদ নূরুল হক। তিনি সংসদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আজ থেকে এ হলের নাম হলো ‘শহীদ সোলেমান হল’। এছাড়া শহীদ সুলেমানের সম্মানে তার জন্মস্থানের নাম ‘ছোটদিঘলী’ পরিবর্তন করে ‘শহীদ সুলেমান নগর’ করা হয়। শহীদ সুলেমানের স্মরণে প্রতি বছর শিশু-কিশোরদের সংগঠন আনন্দ খেলাঘর আসর বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে।
১৯৭১ সালে জীবন বাজি রেখে দেশমাতৃকার মুক্তির জন্য অকুতোভয় লড়াই করেছিলেন যে তরুণেরা তাঁদের এক অনন্য প্রতিনিধি শহীদ সুলেমান হোসেন। ছাত্রজীবন থেকেই তিনি গণ-আন্দোলনে সক্রিয়, বঙ্গবন্ধুর ডাকে সূচিত অসহযোগ আন্দোলনে তাই স্বাভাবিকভাবে ছিল তাঁর সক্রিয় ভুমিকা। ফলে সশস্ত্র মুক্তিযুদ্ধে যোগ দিতে সুলেমান হোসেনের কোনো সিদ্ধান্তের প্রয়োজন ছিল না, প্রতিরোধের প্রথম প্রহর থেকেই তিনি মুক্তির লড়াইয়ের অকুতোভয় সৈনিক। ভারতে প্রশিক্ষণ শেষে দেশের ভেতরে প্রবেশ করে সশস্ত্র যোদ্ধা সুলেমান হোসেন তাঁর দলে নেতৃভূমিকায় অধিষ্ঠিত হন।
শহীদ সোলেমানের সহযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা গতকাল জৈন্তা বার্তা’কে বলেন, খুব সাহসী ছাত্রনেতা ছিলেন সোলেমান। একাত্তরের ছাত্র আন্দোলনে তাঁর ভূমিকা ছিলো উল্লেখ করার মতো। সদর উদ্দিন চৌধুরী, বাবরুল হোসেন বাবুল, সোলেমানসহ আমরা এক সঙ্গেই ছাত্রলীগ করতাম। ভারতে গেরিলা প্রশিক্ষণ নিয়েছিলো। সিলেট আসার দিন থেকে সে দুবড়ীর হাওর ক্যাম্প থেকে অস্ত্র সহ বেরিয়ে যায় দায়িত্ব পালনে। আর ফেরেনি। সে পরিচিত ছাত্রনেতা ছিলো। তাকে সবাই চিনতো। সে রাতে সোলেমান না ফেরায় আমরা ধরে নেই ঐদিনই সে ধরা পড়ে যায় পাকিস্তানী আর্মিদের হাতে। পরে আমাদের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে খবরও আসে সে রাতেই টিলাগড়ে রাজপাড়া গলির মুখে সে ঘাতকদের হাতে শহীদ হন। তবে তাঁর মৃত্যুবার্ষিকী প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয়ে থাকে। হতেও পারে। কারণ আমাদের কাছে যে দিন তারিখ জানা ছিলো সেটিতো ঠিক নাও হতে পারে। তবে মুক্তি সংগ্রামের কঠিন মন্ত্রে উজ্জীবীত ছিলো সোলেমান। এত কারো দ্বিমত ছিলোনা। যার প্রমাণ সে জীবন দিয়েই রেখে গেছে। মকসুদ ইবনে আজিজ লামা তাঁর এই সহযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করেন।
জৈন্তাবার্তা/জেএ




