গোলাপগঞ্জে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছুঁই ছুঁই। ছবি : জৈন্তা বার্তা
গোলাপগঞ্জের বিভিন্ন বাজারে এক সপ্তাহ আগেও ব্রয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হতো ১৫০ থেকে ১৬০ টাকায়। সেই মুরগি দাম বেড়ে সোমবার বিক্রি হয়েছে ১৯০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, হয়তো ডাবল সেঞ্চুরি ছুঁয়ে ফেলবে এই দাম।
সোনালি মুরগির দামও একই হারে বাড়ছে। গত সপ্তাহে ২৫০ থেকে ২৬০ টাকা বিক্রি হওয়া এই মুরগি গতকাল বিক্রি হয় ২৯০ থেকে ৩০০ টাকায়। একই সঙ্গে দাম বেড়েছে দেশি মুরগির। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ার কারণেই দাম বাড়ছে।
সোমবার গোলাপগঞ্জ বাজার ও হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীর মেসার্স অপু প্রোল্টিন হাউজ এর ব্যবসায়ী আব্দুল হক বলেন ‘বাজারে মুরগির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। মূলত শীতকালে মুরগির রোগবালাই বেশি হয় বলে মুরগি পালন করেন না অনেক খামারি। এর ফলে এখন বাজারে ঘাটতি তৈরি হচ্ছে। আমরা চাহিদা অনুযায়ী মুরগি পাচ্ছি না, এক হাজার মুরগির অর্ডার করলে পাচ্ছি ৭০০-এর মতো।’ তিনি বলেন, ‘দাম বাড়ার কারণে এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা। আগের সপ্তাহে ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা।’
সদর ইউনিয়নের চকরিয়া বাজারের ব্যবসায়ী সাফি আহমদ বলেন, সোনালি মুরগি সামর্থ্যের বাইরে চলে গেছে। সেটা বাদ দিয়ে ব্রয়লার মুরগি নিয়মিত খাওয়া হতো। এখন ব্রয়লার মুরগির কেজি প্রায় ২০০ টাকা ছুই ছুই এই জন্য মাংস খাওয়ার আর সুযোগ থাকল না মনে হয়।
গোলাপগঞ্জ উপজেলার কয়েকটি বাজারের কয়েকজন মুরগি ব্যবসায়ী দাম বাড়ার ব্যাখ্যা দিলেন এভাবে—পোল্ট্রি খাদ্য, বাচ্চা, ওষুধসহ সব কিছুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে। তাই ব্রয়লার মুরগির দাম বেড়েছে। এ ছাড়া শীতকালে রোগবালাই বেশি হয় বলে খামারিরা শেডে মুরগির বাচ্চা তুলছেন না। তাঁদের আশঙ্কা, যে টাকা তাঁরা খামারে ব্যয় করবেন, বাজার পড়তির দিকে থাকলে সে টাকা আর উঠে আসবে না। এ কারণে বাজারে সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে মুরগির দামে। এক ধরনের সংকট তৈরি হয়ে ব্রয়লারের দাম বাড়ছে।
জৈন্তাবার্তা/জেএ




