বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ।
গ্রামের বাড়িতে ছিলাম। চারিদিকে যুদ্ধের ডামাঢোল। কখন কি ঘটে তা বলা মুশকিল। এরই মাঝে আমাদের পার্শ্ববর্তী বলরামের চক গ্রামের আব্দুল আজিজ চৌধুরী কুটুলা মিয়ার একখানা চিটি পাই গ্রামের আসে। লোক মারফতে করিমগঞ্জ থেকে পাঠিয়েছেন। লিখেছেন, দেশের অবস্থা ভালো না। মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তোমরা গ্রামে যারা যুবক আছো যুদ্ধে চলে আসো। তাঁর এই চিটি আমাদের গ্রামের তরুণ যুবকদের মাঝে ব্যাপক নাড়া দেয়। আমরা সিদ্ধান্ত নেই মুক্তিযুদ্ধে যাবো। সেই মোতাবেক আমাদের গ্রামের আব্দুর রহীম, বশির আহমদ, সোনামনি, মানিক মিয়া খলকু মিয়াসহ ৮/১০ জন একসঙ্গে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়ি। মৌলভীর চক হয়ে সীমান্ত পাড়ি দেই। সেখানে সোনা মিয়া, মতু মেম্বার আমাদেরকে নদী পার করে দেন। জকিগঞ্জের উত্তর সাইডে অর্থাৎ ভারতের জলালপুর গ্রামে গিয়ে আমরা উঠি। যুদ্ধে সেই যাওয়া। এরপর দেশ স্বাধীনের মুহুর্তে বাড়ি ফিরি। এই সময়ের মধ্যে অনেক লোমহর্ষক ঘটনা ঘটে। অনেক ক্ষতি হয়েছে আমাদের। তবু দেশ স্বাধীন হয়েছে, আমরা সুখে আছি। এর চেয়ে আর বড় কী চাওয়া।
এভাবেই যুদ্ধদিনের বর্ণণা আর বর্তমান অনুভূতির কথা ব্যক্ত করলেন, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা হাজী শোয়েব আহমদ। এক সময়ে সিলেট টিএন্ডটিতে চাকরি করতেন। এখন অবসর জীবন কাটাচ্ছেন সিলেট নগরের কাজীটুলায়। মুল বাড়ি জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের ফকুরা গ্রামে। তিনি ঐ গ্রামের জমরহুম ইসবর আলী ও সপ্তরা বিবির পুত্র। ব্যক্তিগত জীবনে ৩ ছেলে ১ মেয়ের জনক শোয়েব আহমদের জন্ম ১৯৫২ সালে নিজ বাড়িতে। মাত্র ১৭ বছর বয়সে যুদ্ধে যান তিনি। ১৯৭৭ সালে তিনি টিএন্ডটি’তে চাকুরী নেন। বর্তমানে অবসরে আছেন।
বীর মুক্তিযোদ্ধা শোয়েব আহমদ জৈন্তা বার্তা’র এ প্রতিবেদককে বলেন, যুদ্ধের আগে সিলেটে একটি কন্সট্রাকশন ফার্মে কাজ করতাম। যে ফার্ম গণপূর্ত বিভাগের কাজ করতো। আমার ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্ণধার ছিলেন আবুল কালাম আযাদ নামের এক ব্যবসায়ী । ২৫ মার্চ রাতে যখন যুদ্ধ শুরু হয় তখন আমি সিলেটে। গোটা শহরের সবখানে শুধূ ‘বোম্বিং’ করছিলো পাকিস্তানী আর্মিরা। এক পর্যায়ে আমি আবুল কালাম আযাদের টিলাগড়ের বাসায় চলে যাই। সেখানে দুই রাত থাকার পর কুশিঘাট হয়ে সুরমা নদী পাড়ি দিয়ে জকিগঞ্জ গ্রামের বাড়িতে চলে যাই। তখন সারা দেশ থেকে যুদ্ধের খবর পাচ্ছিলাম। আমাদের পাশ্ববর্তী গ্রামের কুটুলা মিয়া নামে আওয়ামীলীগের এক লোক ছিলেন। খুব বড় কোনো পদে ছিলেন না। ছোট নেতা। তিনি আগেই বাড়ি ছেড়েছিলেন মুক্তি সংগ্রামে যোগ দেয়ার উদ্দেশ্যে। সেই নেতার একটি চিটির আহবানেই যুদ্ধের মাঠে জীবন উৎসর্গ করতে যাই দেশের জন্য। ভারতে আমাদেরকে সীমান্তে রিসিভ করেন কুটুল মিয়া। প্রথমেই আমাদেরকে নেয়া হয় ‘ইয়ূথ ক্যাম্পে’। এরপর ২৭/২৮ দিনের ট্রেনিং শেষে পাঠানো হয় লোহারবন্দ ট্রেনিং ক্যাম্পে। সেখানে আমাদেরকে গেরিলা ট্রেনিংও দেয়া হয়। আমার সঙ্গে সে সময় থাকা কানাইঘাটের রুফই মিয়া. কুটি মিয়া, গুটই মিয়াসহ কয়েকজনের নাম মনে আছে। এরপর যুদ্ধের প্রায় পুরো সময়টাতেই আমাদের জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাটে পাঠানো হয় মুক্তিবাহিনীর সদস্যদের সঙ্গে। জকিগঞ্জের আটগ্রামে, খাড়াবল্লায় একবার তুমুল যুদ্ধের মুখোমুখি হন তারা। এছাড়া কানাইঘাটের চতুলেও তারা পাকিস্তানী আর্মিদের মুখোমুখি যুদ্ধ করেন। তাঁর স্মরণ আছে সিআর দত্ত ছিলেন তাদের সেক্টর কমান্ডার। সাব-সেক্টর কমান্ডার ছিলেন মাহবুবুর রব সাদী। আর কোম্পানী কমান্ডার ছিলেন ‘হীরা সাহেব’। রুফই মিয়া ছিলেন প্লাটুন কমান্ডার। আর সিলেটে বিজয় দিবসের আগে ব্লু বার্ড স্কুল মাঠে মেজর হেলালের কাছে অস্ত্র জমা দিযে বাড়ি যান বলে জানান তিনি। বয়সের কারণে অনেক স্মৃতিই তাঁর কাছে ‘ঝাঁপসা’ বলে জানালেন শোয়েব আহমদ। বললেন, ৫৩ বছর আগের আগের কথা। এখন নিজের শরীরই ঠিক নাই। আর এতদিন আগের কত স্মৃতি কি করে মনে রাখবো? এভাবে কখনও কল্পনা করিনি দেশ স্বাধীন হবে, সম্মান পাবো। ইতিহাস খোঁজবেন। আমরা ইতিহাসের সাক্ষী হবো। তাহলেতো সব কিছু লিখে রাখতাম।
শোয়েব আহমদ, নিজের যুদ্ধকালীন জীবনের কথা সংক্ষেপেই জানালেন জৈন্তা বার্তা’কে। বললেন, যুদ্ধে যাওয়ার কারণে আমাদের গ্রামের যুবকদের বাড়িগুলোতে ঝড় বয়ে গেছে। পাকিস্তানী দোসর আর মিলিটারীরা আমাদের প্রত্যেকের বাড়িঘরে তান্ডব চালিয়েছে। আমার বাড়ি লুট হয়েছে ফিরে এসে কিছুই পাইনি । গরু-ছাগল,ধান পর্যন্ত নিয়ে গেছে।
তিনি বলেন ,তাঁর বাবাকে পাকিস্তানী দোসররা বাড়ি থেকে ধরে নিয়ে গিয়েছিলো। পরে তারা টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়। তিনি বলেন, যুদ্ধের সময়গুলোতে আমরা মুক্তি সংগ্রামের মাঠে থাকায় আমাদের বাব-মা কে না জানি কত কষ্ট করতে হয়েছে। অনেকের বাবা মা জীবন দিয়েছেন। অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। অনেক ত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি। বিশেষ করে বঙ্গবীর ওসমানীর সে সময়কার বীরত্বপূর্ণ অবদান আর নেতৃত্বের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এই মুক্তিযোদ্ধা। তিনি বলেন, ওসমানী সাহেবের অবদানটাকে সবাই স্মরণ রাখবেন এই আমার অনুরোধ।
জৈন্তাবার্তা/জেএ




