সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী দুলাল।
‘নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর সমর্থকরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন, সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী দুলাল।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিজ আসনের বর্তমান সংসদ সদস্য ও তার কর্মীরা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করছেন। ভোটারদের ভোটে না আসার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে আমি বিষয়গুলো নিয়ে খুবই উদ্বিগ্ন। পোস্টার-ব্যানার ছেঁড়া ও কর্মীদের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন দুলাল।
তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও নৌকার প্রার্থীর বিশ্বস্ত হিসেবে পরিচিত মীর মতিউর রহমান জালালপুরে আমার কর্মীদেন প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছে।’
উল্লেখ্য, সিলেট-৩ আসনে ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক্টর) ছাড়াও এই আসনে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ (আম), বাংলাদেশ ইসলামি ঐক্যফ্রন্টের প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঈগল) এবং ইসলামি ঐক্যজোটের প্রার্থী মো. মইনুল ইসলাম (মিনার)।
জৈন্তাবার্তা/জেএ




