প্রথম দিনেই আখাউড়ায় ইপিআর ক্যাম্পের সৈনিকদের মুখোমুখি যুদ্ধ।
মুক্তিযোদ্ধাদের কাছেই রয়েছে প্রকৃত ইতিহাস। একেকজন মুক্তিযোদ্ধা যেনো ইতিহাসের একক কিংবদন্তী। এ পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধাদের কাছ থেকে নানা তথ্য বেরিয়ে এসেছে সেগুলোই আগামীর ইতিহাস। কিন্তু সময় যত যাচ্ছে সেই ইতিহাস প্রাপ্তির আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। বয়সের ভারে এখন মুক্তি রণাঙ্গণের অনেক মুক্তিযোদ্ধাই ইতিহাসের সেই দুঃসহ স্মৃতিগুলো বহন করতে পারছেন না। তাদের অনেকেরই বক্তব্য আর কতো? বয়স ৬০/৭০ পার হচ্ছে। এরকমই এক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। ইপিআরের সৈনিক ছিলেন। বর্তমানে অবসর সময় পার করছেন। তাঁর কাছে যুদ্ধদিনের স্মৃতি কথা জানতে চাইলে বললেন, কত মনে রাখবো? আর কত বলবো। এখনতো বাজারে পাঁচ পদের নাম নিয়ে গেলে তিন পদই ভুলে যাই। দুই পদ নিয়ে ফিরি। নিজের শরীর নিয়েই দুশ্চিন্তায় দিন কাটে। আমাদের দশা এখন এমনই। মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সিলেট নগরীর আখালিয়া এলাকার মরহুম আব্দুল আলী এবং ছমিরুন্নেছার পুত্র। ৩ ছেলে ২ মেয়ের জনক আব্দুল হান্নান।
দৈনিক জৈন্তা বার্তা’র এ প্রতিবেদককে আব্দুল হান্নান জানালেন ১৯৭০ সালে ইপিআরে (বর্তমান বিজিবি) যোগ দেন। ১৯৮৩ সালে অবসরে আসেন বিডিআর থেকে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরুর মুহুর্তে তিনি ছিলেন ইপিআর এর আখাউড়া ক্যাম্পে। ২৫ মার্চের পরদিনই তাদের ক্যাম্পের পাঞ্জাবী পাঠান সদস্যরা তাদের ক্যাম্প ছেড়ে চলে যায়। তারা আখাউড়া ইপিআর ক্যাম্পে অবস্থান নেয়। আর তারা থেকে যান শিঙ্গারবিল সীমান্তবর্তী ক্যাম্পে। এরপর পাকিস্তানী আর্মিরা জড়ো হয়ে বাঙালী সৈনিকদের উপর চড়াও হয়। শুরু হয় তুমুল যুদ্ধ। এসময় বাঙালী সৈনিকদের নেতৃত্ব দেন সুবেদার মেজর গোলাম আম্বিয়া। যার বাড়ি ছিলো ফেঞ্চুগঞ্জে। আমাদের বাঙালী সৈনিকদের তাড়া খেয়ে পাকিস্তানী সদস্যরা কসবা এলাকায় গিয়ে আশ্রয় নেয়। বাকীরা কুমিল্লা হেড কোয়ার্টারে চলে যায়। সেখানে গ্রামবাসির হাতে তারা পরাস্ত হয়। এর ফলেই আমাদের মনোবল বাড়তে থাকে। আমরা যখন জড়ো হচ্ছিলাম, আওযামীলীগের নেতাদের নিয়ে সংঘটিত হচ্ছিলাম তখন পাকিস্তানী আর্মিরা খবর পেয়ে আমাদের উপর অনবরত গোলাবর্ষণ করতে থাকে। আমরা দুই রাত উজানী পুর ব্রিজের নিচে গর্তে আশ্রয় নিয়েছিলাম। এক বাবুর্চি আমাদেরকে এনে খাবার দিতেন। দ্বিতীয় দিন রাতে বাবুর্চি খাবার নিয়ে আসার সময় পাকিস্তানীরা সেই খাবারের ডেগে ব্রাশ ফায়ার করে উড়িয়ে দেয় দূর থেকে। এমনই এক কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিলাম আমরা। এখানে তাদের সঙ্গে আমরা কয়েকজন সঙ্গিকে হারাই। এদের দুইজনের নাম মনে আছে। এরা হলেন হাবিলদার তৈয়ব আলী ও মবশ্বির আলী। হাবিলদার তৈয়ব আলীর বাড়ি বিয়ানীবাজার ছিলো এতটুকু মনে আছে। আর মবশ্বির আলীর বাড়িও সিলেটে ছিলো।
এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা জড়ো হতে থাকি। আমাদেরকে ৪ নং সেক্টরের আওতাভূক্ত করে দায়িত্ব দেয়া হয়। যুদ্ধকালীন সময়ে আমরা ৪০/ ৫০ টাকা করে বেতন পেতাম। দেশ স্বাধীন পাওয়ার মুহুর্তে সিলেট জামেয়া স্কুলে এসে। অস্ত্র জমা দিয়ে বাড়ি ফিরি। মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বলেন, এখন আর স্মৃতি কথা কেমন করে বলবো? বাজারে পাঁচ পদের নাম নিয়ে গেলে তিন পদই ভুলে যাই। দুই পদ নিয়ে ফিরি। এই আমাদের দশা। নানা রোগ বালাই বাসা বেঁধেছে। শরীর নিয়েই দুশ্চিন্তায় থাকি। তবু যতটুকু মনে আছে বললাম। সময় সুযোগ পেলে আরও বলবো। এখন মুক্তিযোদ্ধা হিসেবে কোনো চাওয়া আছে কী না জানতে চাইলে তিনি বলেন তিনি বলেন এখন আর কি চাইবো? কোনো চাওয়া নেই। বাকী জীবন নামাজ কালাম ঠিক রেখে ভালোভাবে মৃত্যুবরণ করতে পারলেই শান্তি।
জৈন্তাবার্তা/জেএ




