সিলেটে নির্বাচনী প্রচারণায় ‘নিষিদ্ধ পলিথিন’, হুমকিতে পরিবেশ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সিলেটে নির্বাচনী প্রচারণায় ‘নিষিদ্ধ পলিথিন’, হুমকিতে পরিবেশ

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৩ ০১:১১:৪৮ পূর্বাহ্ন

সিলেটে নির্বাচনী প্রচারণায় ‘নিষিদ্ধ পলিথিন’, হুমকিতে পরিবেশ

নগরীর বন্দরবাজার পয়েন্টে নিষিদ্ধ পলিথিনে মোড়ানো পোস্টার | ছবি : জৈন্তা বার্তা


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থী-সমর্থকরা। নির্বাচনের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নজর কাড়তে জনসংযোগ-মাইকিংয়ের পাশাপাশি সাঁটানো হয়েছে ব্যানার-পোস্টার, ফেস্টুন। এমন সরব প্রচারে লেমিনেটিং ও পলিথিনে মোড়ানো পোস্টার ব্যবহার করা হচ্ছে।

পরিবেশের জন্য হুমকি বিবেচনায় নির্বাচনী প্রচারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার (২৫ ডিসেম্বর) এমন নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের তা বাস্তবায়নের জন্য বলেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিন ব্যবহারে বাধা, জাতীয় সংসদ নির্বাচনকে পরিবেশবান্ধব এবং একটি ‘সবুজ’ নির্বাচন করার লক্ষ্যে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে বর্জ্য উৎপাদন কমানো বা নিরুৎসাহিতকরণ, প্রচারপত্রে প্লাস্টিকজাত বা পলিথিনের আবরণ কিংবা প্লাস্টিক ব্যানার (পিভিসি ব্যানার) ব্যবহার বন্ধকরণসহ প্রচার কাজে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার বন্ধের ব্যবস্থা নিতে হবে।

অথচ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা মানছেন না সিলেটের অনেক প্রার্থীরা। নিষেধাজ্ঞা ও  নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে প্রচারকাজে পরিবেশ দূষণকারী প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার করছেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে সিলেটের বিভিন্ন স্থানে প্রার্থীদের লেমিনেটেড (পলিথিন মোড়ানো) পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। বিশেষ করে সিলেট নগরের অলিগলি এবং রাস্তায় প্রার্থীর লেমিনেটেড (পলিথিন মোড়ানো) পোস্টার এবং ব্যানার।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সরেজমিন দেখা গেছে, সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের লেমিনেটিং-পলিথিনে মোড়ানো অগণিত পোস্টার নগরীর বন্দরবাজার পয়েন্ট, কামরান চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে এবং রাস্তায় টাঙানো রয়েছে।

পরিবেশবিদরা বলছেন, প্রাথমিক ব্যবহারের পরে ফেলে দেওয়া এ বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পরিবেশ দূষণের অংশীদার হবে। এসব একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, পরিবেশ বিপর্যয় ঘটবে। এ ছাড়া বায়ু ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়াবে। যারা জনগণের জনপ্রতিনিধি হবেন তারাই যদি আইন না মানেন, পরিবেশ দূষণের কারণ হন, এটা খুবই দুঃখজনক।

এসডো সূত্র থেকে জানা যায়, সিলেট শহরে প্রতি বছর বিভিন্ন উৎস থেকে গড়ে প্রায় কয়েক হাজার টনের ওপর লেমিনেটেড প্লাস্টিকের বর্জ্য উৎপন্ন হয়, যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। 

এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, নির্বাচনী প্রচারণায় পোস্টারে পলিথিন ব্যবহার করার কোন সুযোগ নেই। এ অবস্থায় ঢালাওভাবে নির্বাচনে ব্যবহার হচ্ছে পলিথিন। অবাক করা ব্যাপার হচ্ছে, বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী থেকে শুরু করে এই সংসদের সাংসদরা পর্যন্ত পোস্টারে পলিথিন দিয়ে তাদের নির্বাচনী এলাকা ঢেকে ফেলছেন, যা সরকারের আইনের অবজ্ঞা।

তিনি বলেন, একজন আইন প্রণেতা হিসাবে পলিথিন ব্যবহারে কিভাবে পরিবেশের ক্ষতি হয় তা এই সমস্ত প্রার্থীদের অজানা নয়। যেখানে মন্ত্রী এবং সাংসদেরা পলিথিন মোড়ানো পোস্টার ব্যবহার করে তাদের নির্বাচনী প্রচার চালাচ্ছেন সেখানে অন্যান্য সাধারণ প্রার্থীদের ব্যাপারে তো কিছু বলার সুযোগী থাকে না।

তিনি হতাশা ব্যক্ত করে বলেন, নির্বাচন কমিশন থেকে যেখানে এইসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা। সেখানে নির্বাচন কমিশন অফিসের সামনেই সিলেট-১ আসনের নৌকার প্রার্থীর পলিথিন মোড়ানো পোস্টার টাঙানো রয়েছে। যা খুবই দু:খজনক।

কিম বলেন, পরিবেশের দূষণ রোধে জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা আমাদের জনপ্রতিনিধি হবেন। এখন তারাই যদি পরিবেশ দূষণ রোধে সচেতন না হয়, তাহলে এটা হবে আমাদের জন্য দুঃখজনক বিষয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক