গানে গানে ‘ঢিমেতালে’ চলছে বিয়ানীবাজারে প্রচারণা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

গানে গানে ‘ঢিমেতালে’ চলছে বিয়ানীবাজারে প্রচারণা

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১২/২০২৩ ১০:৪৯:৪৯ পূর্বাহ্ন

গানে গানে ‘ঢিমেতালে’ চলছে বিয়ানীবাজারে প্রচারণা

গানে গানে প্রার্থীদের প্রচারণা।


ক্ষণ গোনা শুরু হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটের দিনের। সময় যত ঘনাচ্ছে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ততটাই ব্যস্ত সময় পার করছেন। দিন-রাত একাকার করে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নিজেদের পক্ষে ভোট চাইছেন। ভোটারদের দিয়ে আসছেন নানা প্রতিশ্রুতি।

প্রার্থীরা নিজেদের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে সম্ভাব্য সব ধরনের কৌশল অবলম্বন করছেন। এক্ষেত্রে গানে গানে ভোটের প্রচার-প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী। বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দুপুরের পর থেকেই রঙ্গ করা রসালো গান গেয়ে ভোটারদের মন মাতাতে চাচ্ছেন প্রার্থীদের প্রচারকারীরা।

জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের নির্বাচনেও প্রার্থীরা প্রচার-প্রচারণার জন্য গান বা বিজ্ঞাপন রেকর্ড করে থাকেন। গান দিয়ে প্রার্থীরা প্রতিযোগিতার মাঠে নিজেদের অবস্থান জানান দেন। গানে গানে ভোটারদের কাছে তুলে ধরেন নিজেদের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আগামীর প্রতিশ্রুতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও লক্ষ্য করা যাচ্ছে একই চিত্র। প্রচার-প্রচারণা ও পোস্টারিং থেকে শুরু করে গান রেকর্ডিং, বিজ্ঞাপন, জনসংযোগ সবকিছুতে ভোটের মাঠে আছেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, স্বতন্ত্র ও ঈগল মার্কার প্রার্থী ছরওয়ার হোসেন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ মার্কার প্রার্থী শমসের মুবিন চৌধুরী এবং জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সেলিম উদ্দিন।

স্থানীয় শিল্পী এস এম মানিক জানান, ঢাকা-সিলেট থেকে রিমিক্স গানের নকল এনে বাজানো হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় শিল্পীদের গান বাজালে বেশী ভালো হত। তারমতে, গত জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ ছিল। গান ও বিজ্ঞাপন দিয়ে প্রচারণায় চারদিকে উৎসবমুখর পরিবেশ ছিল। এবার বৃহৎ সব দলের অংশগ্রহণ না থাকায় তাদের ব্যবসায়ও ভাটা পড়েছে।

রেকর্ডিং ব্যবসায়ীরা জানান, নির্বাচনী প্রচারণার জন্য একটি গান রেকর্ড করতে সর্বনিম্ন ২০০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। বিজ্ঞাপন বা অডিও পচারণার জন্য ডুয়েল কণ্ঠে চার হাজার থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত নেন তারা। প্রার্থীরা কেমন গান চান সেটি টাকার নির্ভর করে তৈরি করা হয়। কেমন ভয়েস আর্টিস্ট চান সেটিও নির্ভর করে টাকার ওপর।

সরেজমিনে নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীরা ঢিমেতালে প্রচারণা চালাচ্ছেন। রাস্তাঘাটে প্রার্থীদের গান ও বিজ্ঞাপনের আওয়াজ থাকলেও সেটি অতীতের নির্বাচনগুলোর চেয়ে কম। হালের জনপ্রিয় সব গানের কথা পরিবর্তন করে সুর ঠিক রেখে নিয়মিত প্রচার করছেন কর্মীরা। এতে সাধারণ ভোটাররা নানা মন্তব্য করছেন। কেউ আবার কান পেতে শুনছেন।

একাধিক প্রচারকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীরা দুই-তিনটি করে গান ও বিজ্ঞাপন রেকর্ড করে প্রচারণা চালাচ্ছেন। অনেক রেকর্ড সেন্টার গান বা বিজ্ঞাপন রেকর্ড করে উপহার হিসেবেও দিচ্ছেন এলাকার প্রার্থীকে। তবে জইন উদ্দিন নামের এক প্রচারণাকর্মী বলেন, তিনি নিজেই খালি গলায় গান গান। এতে ভোটাররাও আগ্রহ নিয়ে গান শুনেন।

প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বলছেন, গানের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা জমজমাট হয়। এলাকা সরগরম হয়। ভোটারদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। নির্বাচনে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দল প্রচারণায় নামলে আগামী কয়েকদিনে ভোটের মাঠে উত্তাপ আরও বাড়বে।

সিলেট-৬ আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মোছা: আয়েশা আক্তার বলেন, প্রচারণায় গান বাজালে আপত্তি নেই। তবে তা অবশ্যই শালিন হতে হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক