ইসলামী ঐক্যজোটের লগো।
আসন্ন সংসদ নির্বাচনে মিনার প্রতীকের প্রচার-প্রচারণায় নৌকার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বাধা দেওয়া, হয়রানি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সিলেট বিভাগের ৯টি সংসদীয় আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থীরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে আগামী তিন দিনের মধ্যে এ পরিস্থিতির উন্নয়ন না ঘটলে দলের এই সংসদীয় আসনের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জন করবেন বলে হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যমে তিনি বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেওয়া না হলে এবং পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আনুষ্ঠানিকভাবে আমরা পুরো বিভাগে নির্বাচন বর্জনের ঘোষণা দেব।’
আছলাম হোছাইন রহমানী অভিযোগ করেন, ‘আমরা যখন মিনার প্রতীকের মিছিল বের করি, তখন বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা মিছিলের মধ্যে প্রবেশ করে নৌকা-নৌকা বলে স্লোগান দেয়। আমাদের উঠান বৈঠক বা পথসভা চলাকালেও নৌকার প্রচারের গাড়ি আমাদের সভার সমানে দাঁড়িয়ে তাদের প্রচারণা চালায়। আমরা বাধা দিলেও তারা শোনে না।’
ফলে ভোটের দিন দলের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা শঙ্কিত ও হতাশাগ্রস্ত। যেভাবে আমাদের নির্বাচনী প্রচারকাজে বাধা দেওয়া হচ্ছে, তাতে আমি আশঙ্কা করছি নির্বাচনের দিন আমাদের কর্মী-সমর্থক, ভক্ত ও ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান করা হতে পারে।’
‘আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সহযোগিতা চাই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আগামী তিন দিনের মধ্যে আমাদের নির্বিঘ্নে প্রচার-প্রচারণার সুযোগ দেওয়া না হলে এবং পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেব,’ বলেন ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী।
জৈন্তাবার্তা/জেএ




