সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের অভিযোগ একেবারেই নগণ্য। নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি ভোটারদের আস্থাশীল করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি করছে, এটা গণতান্ত্রিক অধিকার। তবে তারা নির্বাচন প্রতিহত করতে চাইলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুতি রয়েছে বলেও জানান সিইসি।
শনিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন তিনি।
সিইসি বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমানো হবে না। তবে কেউ ফেব্রিকেট তথ্য ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকার থেকে থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’
এসময় তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় করেন তিনি। এরপরে গণমাধ্যমের সাথে কথা বলেন।
সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে প্রার্থী, আনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে করা মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।
এর আগে সিলেট সার্কিট হাউজে বৈঠকে সিলেটের বিভিন্ন আসনে দলীয় ও গোয়েন্দা কর্মকর্তাদের ব্যবহার করে প্রভাব বিস্তার, পোস্টার ছিঁড়ে ফেলা ও টাকা ছড়ানোর অভিযোগ করেন বেশ কয়েকজন প্রার্থী। নির্বাচনী পরিবেশ ঠিক না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথাও বলেন কয়েকজন প্রার্থী।
জৈন্তাবার্তা/জেএ




