জৈন্তাপুর উপজেলায় চলতি ২০২৩-২৪ মৌসুমে সরিষার আবাদ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা। এ বছরে সরিষার বাম্পার ফলন ও ন্যয্যমুল্য পাওয়ায় কৃষকেরা খুশি।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৭৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে।
এর মধ্যে সরিষা আবাদকৃত কৃষকদের সংখ্যা পুরো উপজেলায় ৩৪২০ জন। এর মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সরিষা প্রদর্শনী দেয়া হয়েছে ৬৫ জন কৃষকদের মাঝে।
চলতি বছরে সরিষার উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৮শত ৪৫ মেট্রিকটন। বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতিকেজি সরিষা বীজ গড়ে নব্বই টাকা করে বিক্রি করা হচ্ছে। সেই হিসেব অনুযায়ী চলতি মৌসুমে পুরো উপজেলায় ৭ কোটি ৬০ লক্ষ ৫০ হাজার টাকার সরিষা বিক্রি করা সম্ভব হবে বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
চলতি মৌসুমে সফল একজন সরিষা চাষি ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বিরাইমারা গ্রামের কৃষক মো তাজউদ্দীন জানান, গত কার্তিক মাসের মাঝামাঝি সময়ে তিনি ৮ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। আগামি মাঘ মাসের মাঝামাঝি পুরো ফসল তিনি বাজারজাত করতে সক্ষম হবেন। তিনি জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রনোদনার আওতায় সার বীজ পেয়ে এ বছর তার উৎপাদন খরচ মোট ২০ হাজার টাকার মত।
৮ বিঘায় তার ৯ শত ৬০ কেজি সরিষা বীজ উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে যার বাজারমূল্য প্রায় ৮৭ হাজার টাকা।
উপজেলার ২ নং লক্ষিপুর গ্রামের আরেক কৃষক মো আব্দুস শুক্কুর জানান চলতি মৌসুমে তিনি অন্যান্য শাক সবজির পাশাপাশি ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলেন। এতে তার মোট ব্যয় হয়েছে ৫ হাজার টাকার মত। ফলন আসার প্রাথমিক পর্যায়ে তিনি আনুমানিক ৬ হাজার টাকার সরিষা শাক বিক্রি করেন। বর্তমানে তার দুই বিঘা জমি থেকে ৩ শত কেজি সরিষা বীজ উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে যার বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং অক্টোবর দুইতিন দিন বৃষ্টি হওয়ায় সরিষার আবাদের জন্য তা আশীর্বাদ হয়েছে। তিনি আরো বলেন, উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২৬ শ কৃষকদের মাঝে প্রনোদনা ও ফলোআপ দেয়া হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে। সাধারণত কার্তিক মাসের মাঝামাঝি থেকে ৮৫দিনের মধ্যে সরিষার বীজ বিক্রির জন্য প্রস্তুত করা হয়।
এ বছর অন্যান্য রবিশস্যের পাশাপাশি সরিষা চাষিদের মাঠ পর্যায়ে তদরকি ও নিয়মিত পরিদর্শন পরামর্শ প্রদান করেছেন উপ সহকারী কৃষি কর্মকর্তারা। সরিষা ফসল উঠে গেলে সে সমস্ত জমিতে ইরি বোরো রোপনের জন্য প্রস্তুত করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা/এমকে




