নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।
দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩১নং আসন সিলেট-৩। এই আসনে এবারের নির্বাচনে বর্তমান সাংসদ হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মূল লড়ায়ে ভোটের মাঠে নৌকার প্রতিপক্ষ হিসাবে চ্যালেঞ্জ ছুঁড়ছেন বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল।
গত উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব প্রধান প্রতিপক্ষ লাঙল প্রতিকে আতিকুর রহমান আতিকের সাথে প্রায় ৬৫ হাজার ভোটের ব্যবধানে সহযে জয়ী হলেও এবার নির্বাচনটা হাবিবের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল পক্ষে মাঠে কাজ করছে আওয়ামী লীগের তৃণমূল কর্মী-সমর্থকদের বড় একটি অংশ। তার চেয়ে বড় কথা দুলালের জন্য আর্শীবাদ সিলেট-৩ আসনের সাবেক তিন এমপির ভোট ব্যাংক। প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক এমপি শফি আহমদ চৌধুরী ও দুলালের বড় ভাই সাবেক এমপি এনামুল হক চৌধুরীর ভোটারদের সমর্থনে ট্রাক মার্কার গতি বাড়াচ্ছে। আর সেই গতির সাথে পাল্লা দিয়ে ভোটের মাঠ দখলে হিমশিম খাচ্ছেন বর্তমান সাংসদ।
গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা দুইটায় সিলেট নগরের নয়াসড়কের একটি হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী দুলাল হাবিবের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করে বলেন, বিশেষ করে সাবেক সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরীর কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে ভয়-ভীতি দেখাচ্ছেন। তিনি নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই আমার কর্মীদের সাথে হিংসাত্মক আচরণ করার জন্য তার কর্মীদের লেলিয়ে দিচ্ছেন।
এদিকে গত ২৮ ডিসেম্বর লন্ডনে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদের ভাই গ্রেট ব্রিটেনের মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জে পির সভাপতিত্বে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল এর সমর্থনে লন্ডনে প্রবাসীদের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। তারা স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালকে জয়ী করতে লন্ডন থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সিলেট-৩ আসনের ভোটারদের আহ্বান জানিয়ে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে শফি এ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত সিলেটের সম্ভ্রান্ত এক পরিবারের সুসন্তান ডাক্তার দুলাল। দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন বি এম এর কেন্দ্রীয় মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আজীবন আওয়ামী রাজনীতির ধারক বাহক। চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে সব সময় সক্রিয় থেকে তিনি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস এবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই ৩ উপজেলাবাসী একজন যোগ্য মানবতার সেবক পাবে। ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল ইতোমধ্যে সেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন। দীর্ঘদিন থেকে তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে অজ্ঞাত কারণে তাকে সেই মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমান সরকারের নীতি নির্ধারক মহলের সবুজ সংকেত পেয়েই তিনি নির্বাচনের মাঠে রয়েছেন। আমি আশা করি তিনি জয় নিয়েই ঘরে ফিরবেন। ৭ জানুয়ারি দেখার অপেক্ষায় সিলেট-৩ আসনের ভোটাররা নৌকার প্রার্থী হাবিবকে নৌকা মাঝি বানায় নাকি স্বতন্ত্র প্রার্থী ডা.দুলালকে ট্রাকের ড্রাইভার বানায়।
সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৫৩ জন। এর মধ্যে ভোটার পুরুষ ১ লাখ ৯৬ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৯০ হাজার ২৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) রয়েছেনএকজন।
সিলেট-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম (মিনার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম এবং ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আনোয়ার হোসেন আফরোজ (আম)।
জৈন্তাবার্তা/জেএ




