ফাইল ছবি
৭ই জানুয়ারির নির্বাচন বর্জন করতে বিএনপিসহ সিলেটের মানুষকে আহ্বান জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। অন্যদিকে সিলেট বিএনপি’র নেতারাও হাতে হাতে লিফলেট নিয়ে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। একপেশে নির্বাচনে না যেতে তারা ভোটারকে আহ্বান জানিয়েছেন। বিএনপি’র নেতাকর্মীরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্মসূচি পালন করছেন। গতকাল সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে লুনা বলেছেন- বর্তমান সরকার আগামী ৭ই জানুয়ারি একটি নির্বাচন মঞ্চস্থ করার পরিকল্পনা করছে। যেখানে সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল অনুপস্থিত রয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ ওই নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে, যাদেরকে অন্যান্য দল বলা হচ্ছে তারাও আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী। যেখানে এটা নিশ্চিত যে, ফের আওয়ামী লীগই ক্ষমতায় আসবে এবং বিরোধী দল কে হবে সেটাও তারা ঠিক করছে। মোটকথা একটি দলের প্রধানই ৩০০ আসনে কে এমপি হবে সেটা ঠিক করে রেখেছে। এটা কোনো নির্বাচন হতে পারে না।
এ নির্বাচন দেশের জনগণকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। এ অবস্থায় বিএনপি ও অন্যান্য বড় বিরোধী দল এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, দীর্ঘ ১২ বছর ধরে এ সরকার সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। আমরা জানতে পর্যন্ত পারিনি তিনি কোথায়, লকেমন আছেন, বা তার কী হয়েছে? অনেক প্রার্থী ভোটের সময় আসলেই আমার স্বামী এম ইলিয়াস আলীর নাম ব্যবহার করে এবং আমার সঙ্গে কথা হয়েছে বলে এলাকার সহজ-সরল ভোটারদের আবেগীয় প্রতারণার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করে। এ বিষয়ে সিলেট-২ আসনের সকল ভোটারদের সতর্ক থাকা ও এ সরকারের পাতানো ভাগাভাগির-তামাশার নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গতকাল দুপুরে সিলেট নগর বিএনপি’র পক্ষ থেকে মিরাবাজার এলাকায় ভোটারের কাছে গণসংযোগ চালানো হয়েছে। এ সময় নগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেন- ৭ই জানুয়ারি প্রহসনের নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে না বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক, মির্জা বেলায়েত হোসেন লিটন, আব্দুল ওয়াহিদ সুহেল, আব্দুল মালেক প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




