সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কৃষক বিলাল মেম্বার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের কৃষক বিলাল মেম্বারের ফসলের মাঠে হলুদ সরিষা ফুলের সমারোহ। এর সঙ্গে সরিষার মাঠে বইছে মৌমাছির গুঞ্জণ। এই সরিষার ফুলে ফুলে দোল খাচ্ছে কৃষক বিলাল মেম্বারের রঙিন স্বপ্ন। এক সময় কৃষকেরা আমন ধান কাটার পর জমি ফেলে রাখতো। সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতি পাল্টেছে। আমন ধান কাটার পরপরই কৃষিজমিতে শুরু হয় সরিষার চাষ। মাত্র ৬০ থেকে ৭০ দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারেন সরিষাচাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,বিগত বছরগুলো থেকে চলতি মৌসুমে গোয়াইনঘাটে বেড়েছে সরিষার আবাদ।উপজেলার সদর, রুস্তমপুর,পূর্ব জাফলং, তোয়াকুল ও লেংগুড়া ইউনিয়নে বেশি সরিষার চাষ হয়ে থাকে।পাশাপাশি অন্যান্য ইউনিয়ন গুলোতেও সরিষার আবাদ হয়।কৃষি বিভাগ বলছে এবছর উৎপাদনও বেশি হবে বিগত বছরগুলোর চেয়ে। উপজেলার চাষিরা সরিষা ক্ষেত থেকে সরিষার পাশাপাশি মধু উৎপাদন করতে পারবে। এ ব্যাপারে তাদের পরিকল্পনা রয়েছে। আবাদ আরও বাড়লে মধু উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সদর ও পূর্ব জাফলং ইউনিয়নের কৃষকরা সরিষা থেকে মধু উৎপাদন করে থাকেন। এবার গোয়াইনঘাটে ৭৮০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় চলতি মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এবার সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকরা বেশ আনন্দিত।
সরেজমিনে কৃষক বিলাল মেম্বার এর সাথে কথা বলে জানা যায়,গত বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে সামান্য কিছু জমিতে সরিষার আবাদ করেন।সরিষার ভালো ফলন ও লাভ হওয়ায় এই বছর তিনি উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় ৪ টি প্লটে পঞ্চাশ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন।যেখানে রয়েছে উন্নত জাতের বারী ৯, বারী ১৪ ও বারী ১৮।
প্রতি বিঘা জমিতে দেড় থেকে দুই হাজার টাকা করে ব্যয় হয়েছে। সরিষার ফুলে খেত ভরে গেছে। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি পাঁচ থেকে ছয় মণ সরিষা পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।দুটি ফসলের মাঝে সরিষার ফলনকে বোনাস হিসেবে দেখছেন কৃষক বিলাল মেম্বার। সরিষা কেটে ওই জমিতে আবার বোরো ধান আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়। সরিষা আবাদে খরচ কম, লাভ বেশি। এক থেকে দুই বার সেচ দিলেই চলে। বাজার দর ভালো হলে এক মণ সরিষা ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এক মণ ধান এক হাজার ১২-শ টাকা। আর এক মণ সরিষার মূল্য তিন হাজার টাকা।
এ বিষয়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল বলেন, কৃষকদের সরিষার বীজ দিয়ে সার্বিক সহযোগিতা করেছে কৃষি অফিস। বিঘাপ্রতি জমিতে সরিষা চাষ করতে খরচ হয় দুই হাজার টাকা। লাভ হয় দশ হাজার টাকা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রায়হান পারভেজ রণি বলেন, সরিষা মূলত একটি মসলা জাতীয় ফসল। সরিষা চাষে স্বল্প সময়ের মধ্যে কৃষক অধিক ফলন পান।
তিনি আরও বলেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সব সময় কৃষকদের পাশে থেকে তাদেরকে পরামর্শ দেন ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। আশা করছি প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবার গোয়াইনঘাট উপজেলায় সরিষার বাম্পার ফলন হবে।
জৈন্তাবার্তা/এমকে




