সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর।
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলো ৫টি ফ্লাইট। ফ্লাইটগুলোর মধ্যে ৩টি সিলেট থেকে সকালে ছেড়ে গেলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় দুটি উড়োজাহাজ আটকা পড়ে বিমানবন্দরে। উড়োজাহাজ দুটো পার্কিংয়ের সময় একটির পাখার সঙ্গে অন্যটির ধাক্কা লাগে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পাঁচটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সিলেট থেকে ৩টি ফ্লাইট ঢাকায় যায়। ওসমানী বিমানবন্দরে ইউএস-বাংলার দুটি ফ্লাইট অবতরণ করার পর পার্কিংয়ের সময় একটি পাখার সঙ্গে আরেকটি পাখার ধাক্কা লাগে ফলে ২টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সেগুলো যেতে পারেনি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার হাফিজ আহমদ বলেন, ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে রাত থেকে সকাল পর্যন্ত সাড়ে ৮ ঘণ্টায় ৫টি ফ্লাইট সিলেটে আসে। এর মধ্যে ২টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আমাদের টিম ত্রুটিযুক্ত দুই উড়োজাহাজ ঠিক করতে কাজ করছে।
হাফিজ আহমদ আরও বলেন, পাখার সঙ্গে উড়োজাহাজের একটি অংশের ঘষা লেগে যান্ত্রিক সমস্যা হয়েছিল। ওই দুই ফ্লাইটের ১০ জন যাত্রী বিমানবন্দরে রয়েছেন। অন্য যাত্রীরা চলে গেছেন। বাকি ১০ যাত্রীও অন্য ফ্লাইটে ঢাকায় রওনা দিয়ে দেবেন।
জৈন্তাবার্তা/জেএ




