জৈন্তাপুরে মালচিং পদ্ধতিতে টমেটো চাষে লাভবান কৃষক। ছবি : জৈন্তা বার্তা
জৈন্তাপুরে চলতি মৌসুমে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষকেরা। তুলনামুলক কম ব্যায়, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে বৈরী আবহাওয়া অনুকূলে রেখে অধিক উৎপাদন নিশ্চিত করে মালচিং পদ্ধতি।
এই পদ্ধতিতে টমেটো চাষে অতিবৃষ্টিতে গাছের চারা মৃত্যুহার একেবারে কম, চারার আশপাশে আগাছা গজানোর সম্ভাবনা না থাকায় রোগবালাই কম ও সেচের মাত্রাও অনেকাংশে কম দিতে হয়।
নির্দিষ্ট জমিতে চারা রোপনের পূর্বে বেড তৈরী করে চারা লাগানোর স্থানে পর্যাপ্ত সার প্রয়োগ করে তার ওপর মালচিং পেপার বিছিয়ে চারা রোপন করা হয়ে থাকে।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চলতি মৌসুমে উপজেলার বেশ কয়েকজন কৃষকদের মধ্যে মালচিং পেপার, কৃষি প্রনোদনার আওতায় বীজ,চারা ও সার বিতরণ করা হয়েছে।
কৃষকপর্যায়ে যে মালচিং পেপার গুলো সরবরাহ করা হয়েছে সেগুলো দুই বছর মেয়াদ পর্যন্ত কৃষি জমিতে ব্যবহারযোগ্য। সবচেয়ে আশার কথা হলো মালচিং পদ্ধতিতে চারার আশপাশে কোন আগাছা জন্মে না যার কারণে কোন প্রকারের নিড়ানী দেয়ার মত বাড়তি পরিশ্রম করতে হয় না।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার নিজপাট ইউনিয়নে এ বছর একজন কৃষক এক বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। চারিকাঠা ইউনিয়নের ৪ জন কৃষক যৌথভাবে ১ হেক্টর জমিতে এবং দরবস্ত ইউনিয়নে ১ একর জমিতে ৫ জন কৃষক মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন।
তাদের মধ্যে অন্যতম একজন কৃষক দরবস্তের রনিফৌদ এলাকার সাজিম উদ্দিন। তিনি জানান এবারই প্রথম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা ও দিকনির্দেশনায় ২০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। এ আগে ইউটিউব দেখে তিনি আগ্রহী হয়েছিলেন বলে জানান। তিনি বলেন জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চারা, সার ও মালচিং পেপার তাকে দেয়া হয়েছে। পূর্বের সনতন পদ্ধতিতে টমেটো চাষের তুলনায় মালচিং পদ্ধতি অনেক আধুনিক ও সাশ্রয়ী।
একই এলাকার অপর একজন কৃষক মেহেদী হাসান বলেন, তিনি চলতি মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা ও দিকনির্দেশনা মোতাবেক ২০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। তিনমাসের ভিতরে চাষাবাদ শেষ করে শস্য বাজারজাত করা সম্ভব হয়। তিনি জানান তার ২০ শতকে মোট উৎপাদন খরচের পরিমান ৪০ হাজার টাকার মত। তিনি আশাবাদী এ মৌসুমে ১০০ মণ টমেটো উৎপাদন করতে সক্ষম হবেন। বর্তমান বাজারমূল্যে যা ১ লক্ষ ২০ হাজার টাকার মত। সে অনুযায়ী মোট উৎপাদন খরচের তিনগুন লাভ করা সম্ভব হবে তিনি আশাবাদী।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার বলেন, চলতি মৌসুমে প্রথমবারের মত জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে" ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট ( ফ্রিপ) প্রকল্পের আওতায় কৃষকদের মালচিং এর মাধ্যমে সবজী প্রদর্শনী দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আধুনিক প্রযুক্তি অনুসরণ করে স্বপ্ল ব্যায়ে অধিক উৎপাদন নিশ্চিত করতে ও কৃষকদের লভ্যাংশের পরিমান বৃদ্ধিতে মালচিং পদ্ধতি সফলতার মুখ দেখবে বলে তিনি আশাবাদী। এ পদ্ধতিতে চলতি মৌসুমে টমেটো চাষে কাঙ্ক্ষিত সফলতা এলে পরের মৌসুম থেকে মালচিং পদ্ধতিতে কৃষির আওতায় আনা কৃষকদের সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে তিনি জানান।
জৈন্তাবার্তা/জেএ




