জৈন্তাপুরে বিদেশি সবজী স্কোয়াশ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা - জৈন্তা বার্তা
স্কোয়াশ একটি সুস্বাদু, জনপ্রিয় ও বর্তমান বাজারে উচ্চ মুল্যের একটি বিদেশী সবজী। কুমড়া প্রজাতীর এই ফসলটি লাউ পরিবারের অন্তর্ভুক্ত যা আন্দিজ এবং মেসো আমেরিকা অঞ্চল থেকে এর উৎপত্তি।
বর্তমানে এটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্কোয়াশের আবাদ হচ্ছে। এটি লাউয়ের মত মাঁচায় ফলন না হলেও মিষ্টিকুমড়ার মত মাটিতে চাষ করা হয়৷
সাধারণ বীজ রোপনের দিন থেকে দুইমাসের ভীতরে ফসল উঠানো ও বিক্রি সম্পন্ন করা সম্ভব হয়। তুলতামুলক কম পরিশ্রম ও স্বল্প খরচে চাষযোগ্য হওয়ায় এবং দেশের বাজারের এর উচ্চ মূল্য থাকার কারণে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার কৃষকদের মধ্য আগ্রহ জন্মেছে স্কোয়াশ চাষে।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী চলতি মৌসুমে উপজেলার প্রায় ১০০ বিঘা জমিতে স্কোয়াশের চাষ করা হয়েছে। উপজেলার মোট ৮০ জন কৃষক আগ্রহ নিয়ে স্কোয়াশ চাষের দিকে ঝুকছেন। এ মৌসুমে প্রথমবারের মত ১০ জন কৃষককে স্কোয়াশ চাষের প্রদর্শনী দেয়া হয়েছে। সামনের মৌসুমগুলোতে প্রদর্শনীর সংখ্যা আরো বৃদ্ধি করা হবে বলে জানানো হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে।
জৈন্তাপুরের সফল একজন স্কোয়াশ চাষি উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ববরবন্দ কইন্যাখাই এলাকার তরুণ কৃষক মেহেদী হাসান জৈন্তাবার্তা প্রতিবেদককে জানান, তিনি একসময় ব্রাক এনজিওতে চাকরি করতেন। ২০১৭ সালে চাকরী ছেড়ে দিয়ে কৃষি পেশায় ঝুঁকেন। বিশেষকরে আধুনিক পদ্ধতি অনুসরণ করে কৃষিতে তার আগ্রহ বেশী। চলতি মৌসুমে মালচিং পদ্ধতিতে টমেটো চাষের পাশাপাশি নিজ উদ্যোগে ৩৩ শতক জমিতে করেছেন স্কোয়াশের চাষ।
গত নভেম্বর মাসে স্হানীয় বাজার থেকে বীজ সংগ্রহ করে তিনি ৮শত চারা রোপন করেছেন। এই ৩৩ শতক জমিতে সার,বীজ, কিটনাশক, শ্রমিক, সেচবাবদ তার মোট খরচ হয়েছে ২৪ হাজার টাকার মত।
মৌসুমের শেষে এই ৩৩ শতকে তার স্কোয়াশ বিক্রি হয়েছে প্রায় লক্ষাধিক টাকার মত। তিনি বলেন, লোকাল বাজারে স্কোয়াশের চাহিদা খুবই কম। স্কোয়াশের মুল ক্রেতা সিলেট শহর ও ক্যান্টনমেন্ট এলাকায়। বিদেশি সবজী হওয়ায় মাজেমধ্যে সিলেট নগরীর চেইন সুপার শপ স্বপ্নতেও তিনি স্কোয়াশ সরবরাহ করে থাকেন। তিনি আরো জানান, বর্তমানে জাফলং পর্যটন ও বানিজ্যিক এলাকার বাজারেও স্কোয়াশের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কৃষক মেহেদী হাসান আরো বলেন, নভেম্বর মাসে ৩৩ শতাংশে স্কোয়াশ চাষের পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বাগান পরিচর্যা ও পরামর্শ দেয়া হয়। পরে ডিসেম্বর মাসে আরো ৩৩ শতাংশ জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি প্রদর্শনী তাকে দেয়া হয়েছে। যেখানে সার,বীজ ও কিটনাশক সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পূর্বের ৩৩ শতাংশ স্কোয়াশ ফসল উঠে গেলে সেই জমিতে বরবটি ও ঝিঙ্গা চাষ করবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, স্কোয়াশ বিদেশি সবজী হওয়ায় স্হানীয় বাজারে ব্যাপক পরিচিতি এখনোও তেমন হয়ে উঠেনি। কিন্তু বাজারে এটি উচ্চমূল্য রয়েছে৷ তিনি জানান রাজধানী ঢাকার বিভিন্ন দূতাবাস থেকে কন্ট্রাক ফার্মিং এর ভিত্তিতে উপজেলার বেশ কয়েজন কৃষক স্কোয়াশ চাষ করছেন। বর্তমানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে স্কোয়াশ চাষে আগ্রহী কৃষকদের প্রদর্শনী দেয়া হয়েছে। সামনের মৌসুমগুলোতে প্রদর্শনী আরো বৃদ্ধি করা হবে বলে তিনি জানান। এ ছাড়াও আধুনিক কৃষি ব্যবস্হাপনার অংশ হিসেবে ও স্কোয়াশ সহ বিদেশি সবজী উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জৈন্তাবার্তা/জেএ




