‘একটাই চাওয়া দেশটাকে এগিয়ে নাও’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার দূর্লভ সাক্ষাৎকার

‘একটাই চাওয়া দেশটাকে এগিয়ে নাও’

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১২:৫৯:০১ অপরাহ্ন

‘একটাই চাওয়া দেশটাকে এগিয়ে নাও’

ফাইল ছবি


সেদিন ছিলো ২০ মার্চ। ইপিআর এর নায়েক তোতা মিয়াকে অর্ডার করা হলো পরদিন সকালে কুষ্টিয়া থেকে যশোর যেতে হবে ক্যাপ্টেন সাদেক খানের সঙ্গে। কথামত সকালে এসে ক্যাপ্টেন সাদেক এর বাসায় হাজির হলেন নায়েক তোতা মিয়া। ক্যাপ্টেন সাদেকের গাড়ী চালক এবং অন্য সিপাহীরা সবাই ছিলো বাঙালী। তাঁর সঙ্গে থাকতে থাকতে তোতা মিয়ার সঙ্গে একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে ক্যাপ্টেন সাদেকের পরিবারের। সকালে যখন তোতা মিয়া হাজির হন তখন দেখতে পান ক্যাপ্টেন সাদেকের স্ত্রী ও সন্তানরা রেডি। জানতে পারেন তাদেরকে এখান থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু ক্যাপ্টেন সাদেকের স্ত্রী সন্তানই নয়, অন্য অফিসারও তাদের পরিবারকে পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে। তখন তোতা মিয়ার আরবুঝতে বাকি রইলো না দেশ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় ক্যাপ্টেন সাদেকের স্ত্রী স্বামীকে অনুরোধ করেন তোতা মিয়াকে যেন তার দেশের বাড়ীতে ফেরার সুযোগ দেওয়া হয়। কারণ তোতা মিয়াকে সাদেকের স্ত্রী ভাই বলে ডাকতেন। তোতা মিয়াও অফিসারের স্ত্রীকে বোনের মতই দেখতেন। অফিসারের স্ত্রীর মুখে এ কথা শোনার পরও ঘাবড়াননি তোতা মিয়া। তারা রওনা দেন যশোরে। সেখানে গিয়ে তারা দেখতে পান আরোও বহু অফিসার তাদের স্ত্রী সন্তানদেরকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে। ক্যাপ্টেন সাদেকের স্ত্রী সন্তানদের বিদায় দেয়ার পর তাদের গাড়ী রওনা হয় যাদবপুর সীমান্তের উদ্দেশ্য। সেখানে পৌছে দেখতে পান আশরাফ নামের এক বাঙালী সিপাহী (যার নং ১৪০০০) বাংলাদেশের মানচিত্র সম্বলিত একটি পতাকা তুলে রেখেছেন ক্যাম্পে। নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষের জয় লাভের পর ঐ সিপাহী সেখানে পতাকা তুলেন। পতাকাটি দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ক্যাপ্টেন সাদেক। তিনি আশরাফের কাছে জানতে চান এই পতাকা কে তুলেছে। শিনা উচু করে সেই আশরাফ জানালেন আমি তুলেছি। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন সাদেক তার পিস্তল দিয়ে গুলি চালান আশরাফের বুকে। মাটিতে লুটিয়ে পড়েন আশরাফ। তখন চোখের সামনে নিজের দেশী সহকর্মীকে গুলি করে হত্যার দৃশ্য সইতে না পেরে তোতা মিয়াও সঙ্গে সঙ্গে নিজের হাতেই প্রতিরোধ করেন ঐ অফিসারকে। এরপর সেখান থেকেই দেশের জন্য মুক্তি সংগ্রামী হয়ে ওঠেন তোতা মিয়া। সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার ও গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক কমান্ডার হচ্ছেন এই তোতা মিয়া। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা গ্রামের হাজী নছির উদ্দিন ও হাজী খয়রুন্নেছার পুত্র মুক্তিযোদ্ধা তোতা মিয়া।গোলাপগঞ্জ এমসি একাডেমিতে লেখাপড়ার সময়ই নিজের জীবনকে সংগ্রামমুখী করে তুলেন এই মুক্তিযোদ্ধা। তখন আইয়ুব বিরোধী আন্দোলনে মিছিলে শরীক হতেন। সমাবেশে যেতেন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনের সময় তিনি গ্রেফতার হন গোলাপগঞ্জ পুলিশের হাতে। তখন থানার ওসির ছেলের সঙ্গে তাঁর ছিলো বন্ধুত্ব। সে কারণে ওসি তাকে স্নেহ করে বললেন, তুমি গ্রেফতার হয়েছো। এসএসসি পাশ করেছো, কলেজে যাবে, আরো গ্রেফতার হবে। এখন দেশের পরিস্থিতি এটিই। বরং তুমি কোনো চাকুরিতে চলে যাও বাবা। পরে তিনি মুক্তি পেয়ে পিতৃতুল্য ওসির পরামর্শকে কাজে লাগান। চলে যান ইস্ট পাকিস্তান রেজিমেন্ট ‘ইপিআর’ এ। সেই থেকে শুরু চাকুরি জীবন। কিন্তু ট্রেনিংয়ে গিয়েই বুঝতে পারেন পাকিস্তানি সেনাকর্তারা বাঙালি সেনাদেরকে বৈষম্যের চোখের দেখছে। সবকিছুতেই বৈষম্যের চিহ্ন দেখতে পান তোতা মিয়া। ভিতরে ভিতরে জ্বলতে থাকেন। পোকায় ধরা চাল এবং আটা বরাদ্দ দেয়া হতো পূর্ব পাকিস্তানের বাঙালি সদস্যদের। এ রকম নানা বৈষম্য এবং দেশের চলমান রাজনৈতিক অবস্থা নিজের মধ্যে একটা চেতনা তৈরী করে। আর সেই চেতনা ও ক্ষোভ থেকেই শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করতে যান তোতা মিয়া। ১৯৭০ সালের নির্বাচনে তিনি ছিলেন সরকারী ‘ডিউটি’তে। সে সময় খুলনা রূপসা ঘাট কেন্দ্রে ছিলো তার দায়িত্ব। ক্যাপ্টেন সাদেক আহমদ ছিলেন তাদের টিমের অফিসার। সে সময় ঐ কেন্দ্রে তার এক সহকর্মী বাঙালী সিপাহী ভোট দেন। ক্যাপ্টেন সাদেক তাকে জিজ্ঞেস করেন কিসে ভোট দিয়েছো।

তখন তিনি বলেন, নৌকায়। এই কথা শুনে সেনা অফিসার সাদেক তেলে বেগুনে জলে উঠেন, জানতে চান কেন ভোট নৌকায় দিলা। উত্তরে ঐ সিপাহী বলেন ‘ও মেরা ভাই হে’। তখন ক্যাপ্টেন সাদিক চিৎকার দিয়ে বলেন ‘ তোমহারা শেখ মুজিব পাশ করকে গদি সে বেহেট নেহী সেকতাহে’।

অর্থ্যাৎ তোমাদের শেখ মুজিব পাশ করলেও গদিতে বসতে পারবেন না। অফিসারের এসব কথা তীরের মতো বিদ্ধ হতো তোতা মিয়ার বুকে। তখন তাদের সঙ্গে থাকা রেডিওতেই সকল খবর পেতেন। কোন দিকে দেশের পরিস্থিতি মোড় নিচ্ছে। তারা কয়েকজন সিপাহী জোটবদ্ধ হয়ে নায়েক তোতা মিয়ার নেতৃত্বে কালীগঞ্জ, বিছাখালী হয়ে বেনাপোল সীমান্তে যান। সেখান থেকে পেট্টোপল সীমান্তে পৌছে ভারত চলে যান। সেখানে বঙ্গবীর ওসমানীর সঙ্গে সাক্ষাত করেন। নির্দেশনা নিয়ে করিমগঞ্জ হয়ে বারপুঞ্জিতে আসেন তখন মেজর রব ও সিআর দত্তের তত্ত্বাধানে ছিলো সেই এলাকা। এরপর ৯ মাস জাফলং চা বাগান, রাধানগর, লেংগুরা, গোয়ানঘাট এলাকায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। পরবর্তীতে তামাবিল হয়ে ডাউকি যায় তাদের টিম। এভাবে জকিগঞ্জ-গোলাপগঞ্জ হয়ে তারা সিলেটে প্রবেশ করতে চান ১৬ই ডিসেম্বরের আগে। গ্রেনেডসহ তাদের ৫জনকে পাঠানো হয়েছিল সিলেট শহরে ঢোকার জন্য। পথিমধ্যে পাকিস্তানি মিলেটারীদের হাতে বর্তমান বাইপাস সড়কের পাশে ধরা পরেন তাদের এক সহযোগী সুফি আহমদ। পাকিস্তানি মিলেটারী তাকে ধরে এয়ারপোর্টে নিয়ে হত্যা করে। এরপর দেশ যখন স্বাধীন হলো তখন তারা শহরে প্রবেশ করেন ১৭ই ডিসেম্বর। বঙ্গবন্ধুর নেতৃত্বে আবারো দেশে সরকারের কর্মকান্ড শুরু হলে তাদের কে আহ্বান জানানো হয় যার যার কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য। তিনি চলে যান ঢাকার পিলখানার ব্যারাকে। স্মৃতিচারণ করতে গিয়ে এই মুক্তিযোদ্ধা বলেন, ১৯৭২ সালে আমরা যখন ব্যারাকে ফিরে গেলাম তখন দেশের অবস্থা খুব করুণ। খাবার পর্যন্ত জুটতো না। আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিই দুটি আর্টিলারির বিস্ফোরণ ঘটাবো। শব্দ শুনেঅবশ্যই বঙ্গবন্ধু ঘরে থাকতে পারবেন না। তাদের কথা শুনতে আসবেন। যেই কথা সেই কাজ। পিলখানার অদুরে দুটি আর্টিলারির বিস্ফোরণ ঘটানো হলো। কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু পিলখানার গেটে চলে আসেন। এসে জানতে চান কি হয়েছে। তখন তারা খাবার না পাওয়ার কথা বলেন, ক্ষুধার যন্ত্রণার কথা বলেন। এসব শুনে আবেগ আপ্লুত হয়ে পরেন বঙ্গবন্ধু। সঙ্গে সঙ্গে তিনি সরকারী খাদ্য গুদাম ভেঙ্গে খাবার সরবরাহের নির্দেশ দেন। এরপর সেখান থেকে চাল, আটা, গম আসে তাদের ব্যারাকে। 

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই মুক্তিযোদ্ধা বলেন, আমার মতো সাধারন একজন মুক্তিযোদ্ধা যদি একটি যুদ্ধে এতো কষ্ট করে থাকেন তা হলে বুঝে নিন দেশের জন্য যারা জীবন দিয়েছে তারা কত কষ্ট করেছে। আমাদের একটাই সন্তুষ্টি দেশ স্বাধীন হয়েছে। এখন সবার কাছে একটাই চাওয়া দেশটাকে এগিয়ে নাও।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক