প্রতিকী ছবি
আবারো মামলায় জর্জরিত সিলেট বিএনপি’র নেতাকর্মীরা। ২৮শে অক্টোবর থেকে মাত্র দুই মাসে সিলেট বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬৮টি মামলা হয়েছে। নাশকতা, পুলিশ অ্যাসল্ট, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ঘটনায় এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিএনপি’র আইনি সহায়তা সেলের আইনজীবিরা। মামলায় আসামি হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। একই সময়ে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৩০০ নেতাকর্মীকে। তাদের মধ্যে কেউ কেউ দায়ের করা ১৪-১৫টি মামলার আসামি হয়ে কারান্তরীণ রয়েছেন। তবে, সিলেট বিএনপি’র নেতাদের পক্ষ থেকে দায়ের করা মামলার আইনি মোকাবিলার জন্য একটি সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে তাদের আইনি সহায়তা দেয়া হচ্ছে। সিলেট বিএনপি’র নেতারা জানিয়েছেন, দু’মাসে যেসব মামলা হয়েছে তার অনেকটিই হচ্ছে গায়েবি মামলা। ঘটনা ঘটেনি, অথচ প্রশাসনের পক্ষ থেকে এসব মামলা করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, সিলেটে ২৮শে অক্টোবর থেকে এ পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন থানায় ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অন্তত ৩০০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারান্তরীণ রয়েছেন। গ্রেপ্তারের পর নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
এদিকে সিলেটে রাজনৈতিক মামলায় কারাগারে আটক যুবদল নেতাকর্মীদের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার পৌঁছে দিয়েছে সিলেট মহানগর যুবদল। রোববার দিনভর নেতাকর্মীরা এসব উপহারসামগ্রী পৌঁছে দেন।
জৈন্তাবার্তা/জেএ




