শাবিতে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব জব ফেস্ট-২০২৪’।
আগামী ৩১ জানুয়ারি ও পহেলা ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী 'সাস্ট ক্যারিয়ার ক্লাব জব ফেস্ট-২০২৪' অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’ এর উদ্যোগে পঞ্চম বারের মতো এই জবফেস্ট'র আয়োজন করা হবে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি সাকিব হাসান রাসেল।
সংগঠনের সহ-সভাপতি জুবায়ের আহসান রিয়াদ জানান, আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে সকাল ৯টায় এবারের জবফেস্ট অনুষ্ঠিত হবে। এ জবফেস্টে অংশ নেবে প্রাণ-আরএফল, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নাভানা, লাফার্জ হোলসিম বাংলাদেশ, লাইট ক্যাসল পাটনার্স, আড়ং, এপেক্স, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম, শেভরন বাংলাদেশ, হা-মিম গ্রুপ এবং ক্রাউন সিমেন্টসহ ৩৫টিরও বেশি ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি। যারা ৩০০ এর বেশি জব ভেকেন্সি নিয়ে আসছেন শিক্ষার্থীদের জন্য।
তিনি আরো জানান, মেলার প্রথমদিন (৩১ জানুয়ারি) চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) জমা নেওয়া হবে। এদিন বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কর্পোরেট ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনারও অনুষ্ঠিত হবে।
পরদিন (১ ফেব্রুয়ারি) সিভি জমাদানকারীদের মধ্যে থেকে নির্বাচিতদের ভাইভা নেবে বিভিন্ন কোম্পানি।
জৈন্তাবার্তা/জেএ




