ফাইল ছবি
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কাজী আজিজুল মাওলাকে প্রাণনাশের হুমকি প্রদান ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ওই বিশ্ববিদ্যালয়েরই ট্রাস্টি বোর্ডের সদস্য ও আইন বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে। এমন অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই উপাচার্য।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত দুজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ইউজিসি। তবে ইউজিসির নিষেধাজ্ঞা অমান্য করেই আজ বুধবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন প্রভাষক রেজাউল করিম।
উপাচার্য কাজী আজিজুল মাওলার অভিযোগ, গত রোববার বিকেল ৫টার দিকে তাঁর অফিস কক্ষে ঢোকেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ ও আইন বিভাগের প্রভাষক রেজাউল করিম। এ সময় তাঁরা তাঁকে (উপাচার্য) গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে প্রভাষক রেজাউল করিম টেবিলে রাখা সিরামিকের মগ সজোরে উপাচার্যের দিকে ছুড়ে মারেন। সেটি তাঁর (উপাচার্য) হাতে গিয়ে আঘাত লাগে। এ সময় উপাচার্যের দায়িত্ব থেকে স্বেচ্ছায় ইস্তফা না নিলে ক্যাম্পাস থেকে ‘লাশ বের হবে’ বলেও হুমকি দেন তাঁরা।
উপাচার্যের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিকের নির্দেশেই অভিযুক্ত দুজন তাঁর ওপর হামলা করেন।
তবে এমন অভিযোগ অস্বীকার করে প্রভাষক রেজাউল বলেন, ‘হুমকি বা লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাছাড়া ইউজিসি থেকেও কোনো ধরনের নোটিশ পাইনি।’
জৈন্তাবার্তা/জেএ




