সিলেটে ১২০ বস্তা চিনিসহ চোরাকারবারি গ্রেফতার।
সিলেটে পুলিশ অভিযান চালিয়ে ১২০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে নগরীর টুকেরবাজার তেমুখী বাইপাস পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টুকের বাজার তেমূখী পয়েন্ট এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান পুলিশ দেখে গতিপথ পাল্টানোর চেষ্টাকালে কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশী করে ১২০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় চিনি পাচারের দায়ে গোপালগঞ্জ জেলার কাসিয়ানি থানার কুসুমদিয়া গ্রামের ফায়েক মোল্লার ছেলে অনিক মোল্লাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, সর্বমোট ১২০ বস্তা চিনি জব্দ করা হয়। প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে মোট ৬ হাজার কেজি চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জালালাবাদ থানার এএসআই(নিঃ) মোঃ রেজাউল করিম বাদী হয়ে গ্রেফতার আসামীসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। শুক্রবার বিকালে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




